সাবেক সেনা কর্মকর্তা খুন, ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় মোরশেদ আলম (৫২) নামের এক সাবেক সেনা কর্মকর্তা গতকাল সোমবার খুন হয়েছেন। তিনি সেনাবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা হিসেবে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) ছিলেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ছোট ভাই বদরুল আলমকে আটক করেছে।নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, ছোট ভাই বদরুলের সঙ্গে নিহত সেনা কর্মকর্তার পারিবারিক বিরোধ ছিল। গতকাল সোমবার রাতে এশার নামাজ পড়ার জন্য মোরশেদ আলম বাড়ির সামনের মসজিদে যাওয়ার পথে তাঁকে ধারাল ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি এবং বদরুলের ঘর থেকে রক্তমাখা জামা (শার্ট) উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে হাসপাতাল চত্বর থেকে নিহতের ছোট ভাই বদরুল আলমকে পুলিশ আটক করেছে। এ সময় তিনি খালি গায়ে ছিলেন।কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম নাসিম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই বদরুল আলমকে আটক করা হয়েছে। সেই সঙ্গে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।