চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা থানা ও চট্টগ্রামের আনোয়ারা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজারের ডাক্তারের গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান এ কথা জানান। এদিকে রমনা থানা হেফাজতে থাকা অবস্থায় জুলফিকার সাংবাদিকদের বলেন, ‘আমি ২২ বছর আর্মিতে সততার সঙ্গে চাকরি করেছি। আনফরচুনেটলি ওখানে একটা ঘটনা ঘটল। একটা মামলা হয়েছে। মামলা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যেকোনো মানুষের জন্য হতে পারে। আমি মামলাটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে চাই। আপনাদের সহযোগিতা আমার দরকার। এই মিডিয়ার জন্য হয়তো আমার আজকের এই অবস্থান। হয়তো বা অনেকখানিই দায়ী। আপনারা দেখবেন, বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু আমার সাজা হয়ে গেছে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো, আপনারা আমার জন্য দোয়া করবেন।’আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে ডাকাতির মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র্যাব সদস্য ও দুজন র্যাবের সোর্স। আসামিরা হলেন লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান, সুবেদার আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, এএসআই হাসানুজ্জামান, নায়েক জাহাঙ্গীর হোসেন, ল্যান্স নায়েক লিটন মিয়া, নায়েক সুমন চন্দ্র দে, সৈনিক আশরাফ উদ্দিন, ল্যান্স করপোরাল জসিম উদ্দিন, সোর্স দিদার উল ইসলাম ও আনোয়ার মিয়া।আসামিদের মধ্যে তরুণ কুমার বসু, আবুল বাশার ও দিদারুল আলম গ্রেপ্তার হয়েছেন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া পরিচালকের গাড়িচালক হাসানুজ্জামান ও দেহরক্ষী ইব্রাহিম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এঁদের জবানবন্দিতে জুলফিকার ও মাহমুদুল হাসানের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তারের তত্পরতা শুরু করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, জুলফিকার ৩০ এপ্রিল সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। ওই দিন রাতে তাঁর কর্মস্থল আর্মি রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড থেকে বের হয়ে তিনি আত্মগোপন করেন।ময়মনসিংহের পুলিশ জানায়, জুলফিকারকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ৩০ এপ্রিল রাত ১১টা পর্যন্ত সেনানিবাসের ফটকে অবস্থান করে ফিরে আসেন। এরপর তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।