লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের বিচারের সময় সেনাবাহিনীর তৎকালীন অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল (অব.) নুরুল ইসলাম শিশুকে ২৬ জানুয়ারি হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন নুরুল ইসলামের হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদের সচিব, পররাষ্ট্রসচিব ও প্রতিরক্ষাসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।গতকাল হাইকোর্টে হাজির হয়ে সাবেক সচিব ও তৎকালীন ঢাকার জেলা প্রশাসক এ এম এম শওকত আলী ও করপোরাল শামসুল হক বক্তব্য দেন। আজ বুধবার তৎকালীন ম্যাজিস্ট্রেট খন্দকার ফজলুর রহমান ও এসডিও মকবুল আহমেদের আদালতে উপস্থিত হওয়ার কথা।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, নুরুল ইসলাম শিশু সপরিবারে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বসবাস করছেন বলে জানানো হয়েছে। ২৬ জানুয়ারি তাঁর হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে প্রশাসনে তাঁর ভূমিকা ছিল। এ বিষয়ে বক্তব্য শুনতে তাঁকে আসতে বলা হয়েছে।১৩ জানুয়ারি তৎকালীন বিশেষ সামরিক ট্রাইব্যুনালের সদস্য মো. আবদুল আলী হাইকোর্টে বলেছিলেন, অনিচ্ছা সত্ত্বেও এ এম এম শওকত আলীর নির্দেশে তিনি ট্রাইব্যুনালে যোগ দেন। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শওকত আলীকে গতকাল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আবদুল আলীর ওই বক্তব্যের জবাবে শওকত আলী আদালতে বলেন, ‘মো. আবদুল আলীর সঙ্গে আমার কোনো কথা হয়নি, আলোচনাও হয়নি। তাঁর নিয়োগের ব্যাপারে আমার কোনো হাত ছিল না। নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়।’ তিনি বলেন, কর্নেল তাহেরের বিচার সামরিক আদালতে না করে সাধারণ আইনে করা যেত। সাধারণ আইনে বিচার আরও বেশি স্বচ্ছ হতো। সামরিক শাসন হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি।