সাবেক স্পিকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত্ এবং দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মনিরুজ্জামান খান এক মাস তদন্ত শেষে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দিয়েছেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টম সংসদে দায়িত্বে থাকাকালে জমির উদ্দিন সরকার, আখতার হামিদ ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অধিকাংশ দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কমিশনের অনুমতি সাপেক্ষে শিগগিরই তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। গত বছরের অক্টোবর মাসে এ বিষয়ে একটি সংসদীয় তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে দুদক তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে কাজ শুরু করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, জমির উদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের অনুমোদন ছাড়া বিদেশে গিয়ে চিকিৎসার জন্য খরচ করেছেন ৩৫ লাখ টাকা। এর মধ্যে জমির উদ্দিন সরকার ২০০৬-০৭ অর্থবছরে বিদেশে চিকিৎসা বাবদ ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা খরচ করেছেন। এ খরচের বিলটি সরকার অনুমোদন করেনি। ২০০৩-০৪ অর্থবছরেও জমির উদ্দিন সরকার লন্ডনে চিকিৎসার জন্য ১৯ লাখ ৯৫ হাজার ৪৯৫ টাকা খরচ করেন। সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের অনুমোদন ছাড়া ২০০৬ সালে সিঙ্গাপুরে চিকিৎসা বাবদ ছয় লাখ টাকা খরচ করেন। একই ভাবে ২০০৭-০৮ অর্থবছরে সাবেক ডেপুটি স্পিকার সরকার-প্রধানের অনুমোদন ছাড়াই এক লাখ ২১ হাজার ৭০৩ টাকার অনুমোদন নেন।এ অর্থের বাইরে প্রাপ্যতা-বহির্ভূতভাবে সাবেক স্পিকার তিনটি, ডেপুটি স্পিকার দুটি ও চিফ হুইপ একটি গাড়ি ব্যবহার করেছেন। এ ক্ষেত্রে ৩০০টি হিসাবের বই পাওয়া গেলেও সময়স্বল্পতার কারণে এসব গাড়ির পেছনে ব্যয়ের হিসাব প্রতিবেদনে দেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া সংসদ বিলুপ্ত হওয়ার পরও সংসদীয় কমিটিগুলোর সভাপতির বিপরীতে একজন করে ব্যক্তিগত সহকারী ও এমএলএসএসের বেতন উত্তোলন করা হয়। এ খাতে ৪৮ জন কর্মচারীর পেছনে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা।তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সাবেক স্পিকারসহ তিনজনের দুর্নীতি তদন্ত করে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণও রয়েছে। এখন দুদক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘সংসদ থেকেই তদন্তের নামে প্রহসন শুরু হয়েছে। তাই এ নিয়ে উচ্চ আদালতে হয়তো আমাদের যেতে হবে ন্যায়বিচারের জন্য।’প্রসঙ্গত, গত বছরের ১৬ মার্চ নবম সংসদের প্রথম অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত অনুসারে জমির উদ্দিন সরকারের দুর্নীতি তদন্তে ১১ সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়। এ কমিটি প্রায় তিন মাস তদন্ত করে গত ৯ জুলাই সংসদে প্রতিবেদন উপস্থাপন করে।