সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি এ মামলায় বাবরকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর ১১ ফেব্রুয়ারি আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন আদালত।হবিগঞ্জ আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম গতকাল বিকেলে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে হাকিম শামছুল ইসলাম লুত্ফুজ্জামান বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন; পাশাপাশি বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ১১ ফেব্রুয়ারি আসামি বাবরের উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানির দিন ধার্য করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলেন, ২১ আগস্টের হামলা মামলায় জিজ্ঞাসাবাদে লুত্ফুজ্জামান বাবর তদন্ত কর্মকর্তার কাছে কিবরিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু তথ্য দেন। এ ছাড়া কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার অন্য আসামি মুফতি হান্নানের কাছ থেকে এ হত্যাকাণ্ডে বাবরের সম্পৃক্ততার ব্যাপারে তথ্য পাওয়া গেছে। তাই লুত্ফুজ্জামান বাবরকে কিবরিয়া হত্যাকাণ্ডে গ্রেনেড সরবরাহকারী, সংগ্রহকারী ও মদদদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।কিবরিয়া হত্যা মামলার বাদীপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন হবিগঞ্জের আইনজীবী আলমগীর ভুঁইয়া, ত্রিলোক কান্তি চৌধুরীসহ বেশ কয়েকজন।তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লুত্ফুজ্জামান বাবরসহ এ পর্যন্ত সাতজনকে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন মুফতি হান্নান, আবু জান্দাল, মহিবুর রহমান ওরফে অভি, বদরুল এনাম মিজান, শরীফ সাহেদুল আলম ওরফে বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে লিমু।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মী নিহত হন। পরদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন।