সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। এর আগে গতকাল দুপুরে হাইকোর্ট কিবরিয়া হত্যা মামলায় লুত্ফুজ্জামান বাবরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দেন। বাবরের স্ত্রীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এই নির্দেশে বলা হয়, রিমান্ডে নিয়ে তাঁকে কোনো প্রকার নির্যাতন করা যাবে না।কিবরিয়া হত্যা মামলায় বাবরকে রিমান্ডে নেওয়ার আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ৭ ফেব্রুয়ারি স্ত্রী তাহমিনা জামান রিটটি করেন। হাইকোর্টে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক ও মাহবুবউদ্দিন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে জানান, কিবরিয়া হত্যা মামলায় বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চাওয়া হয়েছিল। আদালত আইনানুযায়ী তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাবরের আইনজীবী মাহবুবউদ্দিন জানান, বাবরকে রিমান্ডে নেওয়া যাবে, তবে নির্যাতন করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন। গত ২৮ জানুয়ারি বাবরকে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম হবিগঞ্জের বিচারিক আদালতে বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গতকাল ধার্য তারিখে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যার বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় দলের নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।