সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে দিনভর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে গতকাল মঙ্গলবার দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে চট্টগ্রামে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান আজ বুধবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেছেন। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালে সরকার গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ওমর ফারুক। গতকাল দুপুর সোয়া ১২টায় তাঁকে জেরা করা শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। শুরুতে তিনি প্রশ্ন করেন, ‘তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তদন্ত কমিটি গঠনে কাকে নির্দেশ দিয়েছিলেন?’ জবাবে ওমর ফারুক বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কাকে নির্দেশ দিয়েছিলেন মনে নেই।’ তিনি আরও বলেন, ২০০৪ সালের ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকমূলে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটি গঠনের বিষয়টি লিখিতভাবে প্রকাশ করা হয়। অস্ত্র কোথা থেকে কীভাবে এল, কারা জড়িত, সে বিষয়ে সার্বিক সাধারণ ধারণা লাভের জন্য কমিটি গঠিত হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালের ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত তদন্ত কমিটি চট্টগ্রামে অবস্থানকালে মোট কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তা তাঁর মনে নেই। তদন্ত কমিটির প্রতিবেদনে পাঁচ সদস্যের আলাদাভাবে মতামত দেওয়ার অধিকার ছিল কি না—বাবরের আইনজীবীর এ প্রশ্নের জবাবে ওমর ফারুক বলেন, ‘আইনগতভাবে অধিকার ছিল কি না, সেটা আমি বলতে পারব না।’ এর আগে গত ২৪ মে আদালতে দেওয়া সাক্ষ্যে ওমর ফারুক বলেছিলেন, তদন্তে পাওয়া বিভিন্ন বিষয় ও এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জানান। বাবরের বাধা ও নিষেধাজ্ঞার কারণে তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সাক্ষ্যের এ অংশটুকু উদ্ধৃত করে বাবরের আইনজীবী বলেন, ‘২০০৯ সালের ৩ অক্টোবর ও ২০১০ সালের ৮ মার্চ ১৬১ ধারায় দেওয়া দুটি জবানবন্দিতে আপনি এসব কথা বলেননি। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আপনাকে এ ধরনের কোনো নির্দেশ দেননি।’ জবাবে ওমর ফারুক বলেন, ‘এটা সত্য নয়’। বাবরের আইনজীবী বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মনিরুজ্জামান চৌধুরী আপনাকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার জন্য ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি ১৬১ ধারায় জবানবন্দি নিয়েছিলেন।’ এ কথার জবাবে ওমর ফারুক বলেন, ‘এটা সত্য নয়’। বাবরের আইনজীবী বলেন, ‘১৬৪ ধারায় জবানবন্দি না দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা আপনাকে এ মামলায় আসামি করার ভয় দেখান।’ ওমর ফারুক বলেন, ‘এ রকম কোনো তথ্য আমার জানা নেই।’ বিকেল পাঁচটায় বাবরের আইনজীবীর জেরা শেষে ওমর ফারুককে জেরা করেন সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী মো. আহসান। ‘জেরা জেরার মতোই হোক’: ওমর ফারুকের জেরা চলাকালে বেলা পৌনে দুইটায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ বলেন, জেরা দীর্ঘায়িত করা হচ্ছে। সাক্ষী ও আসামিরা দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন। জবাবে বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার বলেন, ‘সাক্ষীকে কাঠগড়ায় চেয়ারে বসার অনুরোধ করা হয়েছে। কিন্তু উনি দাঁড়িয়ে জেরার জবাব দিচ্ছেন। উনাকে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্নও করা হয়নি।’ এ পর্যায়ে বিচারক আসামিপক্ষের আইনজীবীকে জেরা চালিয়ে যেতে বলেন। এর মিনিট পাঁচেক পর আদালত মধ্যাহ্নের বিরতি দেন। পিপি কামালউদ্দিন আহম্মদ এজলাস থেকে বের হওয়ার সময় লুৎফুজ্জামান বাবরের সামনে পড়েন। তখন তাঁকে উদ্দেশ করে বাবর বলেন, ‘জেরা জেরার মতো হোক। জেরা সময় নিয়ে করা হোক। সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করুন।’ এর জবাবে পিপি কামালউদ্দিন কাঠগড়ায় থাকা অন্য আসামিদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনার সঙ্গী-সাথীরা তো কষ্ট পাচ্ছে।’ বাবর উচ্চস্বরে আবার বলেন, ‘কেউ কষ্ট পাচ্ছে না। সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করুন।’ এ সময় পিপি বলেন, ‘ঠিক আছে। আমি আপনার কাছেই আছি, আস্তে কথা বলুন।’ এরপর পিপিকে ধন্যবাদ দিয়ে বাবর চুপ হন। উল্লেখ্য, গত ২৩ মে মামলার কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের আপত্তির পর আদালত বাবর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ছাড়া বাকি আট আসামিকে কাঠগড়ায় পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার কার্যক্রম চলাকালে ওই আসামিরাও এজলাসের চেয়ারে বসতেন।