সাবেক স্বরাষ্ট্রসচিব দুষলেন বাবরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব মো. ওমর ফারুক গতকাল রোববার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন।জবানবন্দিতে ওমর ফারুক বলেন, ‘অস্ত্র পাচারের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কিছু চোরাচালানি জড়িত। বিষয়টি তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বিস্তারিত জানিয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের সম্পৃক্ততার বিষয়টি সন্নিবেশে করার প্রয়োজন থাকা সত্ত্বেও বাবর তা করতে দেননি। তাঁর হস্তক্ষেপ ও নিষেধের কারণে এনএসআইয়ের জড়িত থাকার বিষয়টি তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারিনি।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ অস্ত্র আটকের পর তৎকালীন সরকার গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রধান ছিলেন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। এর আগে তিনি মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দিলেও গতকালই প্রথম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইতিমধ্যে গত ৩ অক্টোবর এ মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জবানবন্দিতে ওমর ফারুক বলেন, ‘সিইউএফএল জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র আটকের ঘটনা প্রথম আমি টেলিভিশনের মাধ্যমে প্রথম জানতে পারি। ওই ঘটনা তদন্তে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে আমাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়।’ওমর ফারুক বলেন, ‘তদন্তকালে আটক অস্ত্রের পরিবহনকারী, গন্তব্যস্থল এবং সংগ্রহকারী সম্পর্কে ধারণা পাওয়া গেলেও কোনো সুস্পষ্ট চিত্র পাওয়া যায়নি। আমরা বুঝতে পারি, এনএসআই এবং কিছু কর্মকর্তা-কর্মচারী এই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।’বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য ১০ ট্রাক অস্ত্র আনা হয়। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন। তাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে বাবর ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে দায়ী করেন।