সাবেক স্বরাষ্ট্রসচিবসহ পাঁচজনকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে আটক ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার তদন্তের সময় আরও দুই মাস বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত সময় বাড়ানোর নির্দেশ দেন। এই মামলায় সিআইডি তত্কালীন স্বরাষ্ট্রসচিব মুহাম্মদ ওমর ফারুকসহ পাঁচ কর্মকর্তাকে আবার জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে।আদালত সূত্রে জানা গেছে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী মামলার তদন্তের স্বার্থে তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন। গতকাল সোমবার শুনানির পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ তদন্তের সময় আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানোর আদেশ দেন। এ নিয়ে চাঞ্চল্যকর মামলাটির তদন্তের সময় ছয় দফা বাড়ানো হয়েছে।সিআইডির আবেদনে বলা হয়, ঘটনার আগে (জাহাজ থেকে অস্ত্র খালাসের আগে) সেন্টমার্টিন এলাকায় বাংলাদেশের জলসীমায় নৌবাহিনীর যে জাহাজটি টহলে ছিল, সেই জাহাজের নাম এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়। এ চিঠির জবাব এখনো পাওয়া যায়নি।আবেদনে আরও বলা হয়, অস্ত্র আটকের পর তত্কালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকের নেতৃত্বে পাঁচ সদস্যের যে তদন্ত কমিটি হয়েছিল, সেই কমিটির সদস্যদের সিআইডির সদর দপ্তরে আবার জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়েছে। তাঁদের সিআইডির সদর দপ্তরে হাজির করতে চিঠি পাঠানো হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।চট্টগ্রাম মহানগর আদালতের পিপি কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, সেন্টমার্টিন দ্বীপের অদূরে জাহাজ থেকে অস্ত্র খালাসের সময় নৌবাহিনীর একটি জাহাজ টহলে ছিল। সিআইডি ওই জাহাজটির নাম এখনো বের করতে পারেনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন আছে। তাই সিআইডি তদন্তের সময়সীমা বাড়ানোর আবেদন করে। আদালত দুই মাস সময় মঞ্জুর করেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। এরপর আসামিদের বিরুদ্ধে আদালতে বিচারও শুরু হয়। মূল হোতাদের আড়াল করে বিচার শুরু হওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটির অধিকতর তদন্তের আবেদন করেন তত্কালীন পিপি আহসানুল হক।আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শুরুর পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হন। তাঁরা সবাই কারাগারে আছেন।