সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল কলেজছাত্রীর মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল বুধবার রাতে সাবেক স্বামীর এসিড নিক্ষেপে ঝলসে গেছে এক কলেজছাত্রীর মুখমণ্ডল। ওই ছাত্রীর নাম শিরীন শিলা (২০)। তিনি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনার পরপরই এলাকার লোকজন ঘাতক সাবেক স্বামী শামীম রেজা (৩০) ও তাঁর সহযোগী শামসুর রাহমানকে (২০) ধরে পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় আজ বৃহস্পতিবার শিলার বড় ভাই নূরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগমারার গোপালপুর গ্রামে হাসেম আলীর মেয়ে শিরীন শিলা গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়িতে রান্না করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে শিরীনের সাবেক স্বামী শামীম রেজাসহ তিন ব্যক্তি তাঁর বাড়িতে ঢোকে। এ সময় শিলার সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শামীম রেজা তাঁর হাতে থাকা এসিড শিলার মুখে নিক্ষেপ করে। এতে শিলার মুখমণ্ডল ও শরীর ঝলসে যায়। শিলার চিত্কারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। শামীম রেজা জানান, শিলার সঙ্গে এক বছর আগে তাঁর বিয়ে হয়। সম্প্রতি শিলা তাঁকে (স্বামী) তালাক দিলে ক্ষুব্ধ হয়ে তিনি এসিড নিক্ষেপ করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-আর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে ধরার চেষ্টা চলছে।