সাবেক স্বামীর নির্যাতনের পর গায়ে আগুন দিল রূপালী
সাবেক স্বামীর নির্যাতনের শিকার হয়ে রূপালী খাতুন (২০) নামের এক নারী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এখন মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন। চিকিত্সক বলছেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুর গ্রামে।পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে চর খিদিরপুর গ্রামের আরাজ উল্লাহর মেয়ে রূপালীর সঙ্গে একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাহিদ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে সাহিদ আলীর পরিবারের লোকজন যৌতুকের জন্য রূপালীকে নানাভাবে নির্যাতন করতেন। এ নিয়ে দুই বছর পর গ্রাম্য সালিসে তাঁদের তালাক হয়ে যায়। এরপর রূপালী গার্মেন্টস কারখানায় কাজ করার জন্য তাঁর বড় বোন রিমা খাতুনের সঙ্গে ঢাকায় চলে যান। রিমা জানান, রূপালী তাঁর কাছে এক মাস ১৪ দিন ছিলেন। এর মধ্যে রূপালীর আগের স্বামী সাহিদ আলী বারবার তাঁকে ফোন করে বাড়িতে আসতে বলেন এবং আবার বিয়ে করতে চায় বলে প্রস্তাব দেয়। একপর্যায়ে রূপালী তাঁর কথা বিশ্বাস করে বাড়িতে চলে আসেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁরা দুই বোন একসঙ্গে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসেন। রিমা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রূপালী আর ঘরে ফেরেননি।রিমা বলেন, রাত তিনটার দিকে হইচই শুনে তাঁরা জানতে পারেন, রূপালীকে সাহিদ আলী প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি জানতে পেরে উল্টো সাহিদ আলীর মা মর্জিনা খাতুন (৫৫) এবং বোন হিরা খাতুন (৩৫) তাঁকে মারধর করেছেন। এ নিয়ে রাতেই সেখানে স্থানীয় লোকজন সালিস ডাকে।সালিসে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, সালিস বসার পরে ছেলে পালিয়ে যায়। তখন বাধ্য হয়ে তাঁরা মেয়েটিকে ভোরের দিকে বাড়িতে পাঠিয়ে দেন। এ নিয়ে সকালে আবার বসার কথা ছিল। কিন্তু মেয়েটি বাড়ি ফিরে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক গোপেন আচার্য বলেন, রূপালীর শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। তাই এই রোগীর বাঁচার সম্ভাবনা খুব কম।এ ব্যাপারে বেলা দুইটা পর্যন্ত কোনো মামলা হয়নি।