সাবেক স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার ঘটনায় তাঁর সাবেক স্বামী মনিরউদ্দিনসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।গত ১৫ জানুয়ারি চানখাঁরপুল মোড়ের একটি কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেন সাবেক স্বামী মনির। মেয়েটিকে তখন ছুরিকাঘাতও করা হয়েছিল।মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রধান আসামি মনিরউদ্দিনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ (অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের ৫ক) ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার (দণ্ডবিধি ৩২৬) অভিযোগ আনা হয়েছে। মনিরের সহযোগী মাসুম মিয়া ও অ্যাসিড বিক্রেতা মো. রাশেদের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।ডিবি সূত্র জানায়, গতকাল সকালে ডিবির পরিদর্শক ফজলুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। ৬০ কর্মদিবসে তদন্ত শেষ করে গত বৃহস্পতিবার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছিল।আসামি মনিরউদ্দিন ও মো. রাশেদ কারাগারে। অন্য আসামি মাসুম মিয়া পলাতক আছেন। প্রথমে বংশাল থানার পুলিশ মামলাটি তদন্ত করে। পরে ডিবি পুলিশ দায়িত্ব পায়। ডিবির একটি দল রাঙামাটি এলাকা থেকে প্রধান অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চট্টগ্রাম থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়।অভিযোগপত্রে বলা হয়, মনিরউদ্দিন স্নাতক পাস ও একটি শিল্পকারখানার মালিক পরিচয় দিয়ে গত বছর ইডেনের ওই ছাত্রীকে বিয়ে করেন। কিন্তু অল্পদিন পরই তা মিথ্যা বলে ধরা পড়ে। এ কারণে বিয়ের এক মাসের মাথায় তাঁকে তালাক দেন মেয়েটি। এরপর মনির তাঁকে আবার বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু মেয়েটি রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে মনির তাঁকে অ্যাসিড মারার সিদ্ধান্ত নেন। বন্ধু মাসুমের সহযোগিতায় তিনি ব্যাটারির দোকানের মালিক মো. রাশেদের কাছ থেকে অ্যাসিড কেনেন।ছাত্রীটি এখনো সুস্থ হননি: এদিকে দুই মাসেও কলেজের ওই ছাত্রী সুস্থ হয়ে ওঠেননি। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল সোমবার তাঁর শরীরে পঞ্চম দফায় অস্ত্রোপচার করা হবে।মেয়েটির ভাই প্রথম আলোকে বলেন, আসামি মনিরের পক্ষ থেকে আপস-মীমাংসার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে। লোকমুখে হুমকি দেওয়া হচ্ছে, কেউ তাঁদের কারাগারে আটকে রাখতে পারবে না। রাজনৈতিক নেতারা তাঁদের ছাড়িয়ে আনার তদবির করছেন।মামলার বাদী মেয়েটির ওই ভাই বলেন, তাঁরা এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনির ও তাঁর সহযোগীরা কারাগার থেকে বেরিয়ে আবারও কোনো অঘটন ঘটাতে পারেন।