সাবেক হুইপ আবদুর রউফ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের নেতা সাবেক হুইপ আবদুর রউফ (৭০) আর নেই। আজ মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।আজ মঙ্গলবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আবদুর রউফের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আবদুর রউফ বেশ কিছুদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত বুধবার রাতে তাঁকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রউফ নীলফামারীর ডোমার-ডিমলা থেকে তিনবার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।আবদুর রউফ তাঁর পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় থাকতেন। দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি। তাঁর ছেলে মোস্তফা মঈনউদ্দিন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও)। ছোট মেয়ে রিফাত রুমানা শর্মী সময় টেলিভিশনের বার্তাকক্ষ সম্পাদক।