সাব্বির হত্যা ধামাচাপার মামলায় ১৭ জুন প্রতিবেদন দিতে হবে
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের মামলায় গতকাল রোববারও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মহানগর হাকিম ইসমাইল হোসেইন ১৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালত এর আগে আরও আটবার সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালে রমনা থানায় এ মামলা করে। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন, চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, বসুন্ধরার সাবেক নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক কামাল। আসামিদের বিরুদ্ধে ঘুষ আদান-প্রদান ও সংরক্ষণ এবং পরস্পরকে সহায়তা করার অভিযোগ আনা হয়। আদালত সূত্র জানায়, এ মামলায় শাহ আলম ছাড়া অন্য আসামিরা জামিনে আছেন। গতকাল আদালতের আদেশে শাহ আলমের নাম উল্লেখ করা হয়নি। অন্য আসামিদের সম্পর্কে আদেশে বলা হয়, আসামি বাবর, আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক জামিনে আছেন। বাবর অন্য মামলায় কারাগারে আটক আছেন। সালিমুল হক আইনজীবীর মাধ্যমে হাজিরের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, হুমায়ূন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই দিবাগত রাতে নৃশংসভাবে খুন হন। পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে সানবীরের জড়িত থাকার প্রমাণ পায়। এ কারণে তাঁর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে। এ হত্যা মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে বাবর বসুন্ধরার মালিকের কাছে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন। ৫০ কোটি টাকায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে বাবরকে ২১ কোটি টাকা দেওয়া হয়।