সাব্বির হত্যা মামলা, যুক্তি-তর্ক শুনানি ৭ ডিসেম্বর
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আগামী ৭ ডিসেম্বর যুক্তি-তর্ক শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ তারিখ ধার্য করেন।আজ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আসামিদের মধ্যে শামসুদ্দিন ও উজ্জ্বল নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত যুক্তি-তর্ক শুনানির জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে। ওই দিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালত আজ বুধবার দিনটি ধার্য করেন। তিনি আরও জানান, এ মামলায় নিহত সাব্বিরের ভগ্নিপতি ও মামলার বাদী আসিফ, বাবা হাসেম চৌধুরীসহ ৩০ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রাত্রি ও পাপিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সাক্ষ্য দেওয়ার জন্য তাঁদের খুঁজে না পাওয়ায় রাষ্ট্রপক্ষ তাঁদের বাদ দিয়ে সাক্ষ্য সমাপ্ত করে।২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ মামলার পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তারের জন্য ‘রেড নোটিশ’ জারি করার ব্যবস্থা করা হয়। সানবীরকে মামলা থেকে রক্ষা করতে বসুন্ধরা গ্রুপ থেকে তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।