সাব্বির হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ এপ্রিল
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ৭ এপ্রিল। আজ রোববার এ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। মামলার বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি প্রথম ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং ওই দিন জামিনে থাকা দুই আসামিসহ পলাতক আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ছেলে সানবীরের পক্ষে তাঁকে জেরা করেন আইনজীবীরা।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ খুনের প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। সিআইডি ২০০৮ সালের ৮ মে সাব্বির হত্যা মামলায় সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।