সাব্বির হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ মে
সাব্বির হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১২ মে। আজ রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন।বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ূন কবির সাব্বির (৩০) ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে তখন সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় লুত্ফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। শুধু তাই নয়, এরপর বাবর এই টাকার মধ্যে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে এই ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।