সাব্বির হত্যা মামলায় জামিন পেলেন আহমেদ আকবর সোবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন আজ সোমবার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে সরকারি খাসজমি দখল, ইট-বালু-পিলার চুরি ও প্রতারণার অভিযোগে পৃথক পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে শাহ আলম জামিন নেন।শাহ আলমের আইনজীবী ফজলে নূর তাপস আদালতকে জানান, আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম চিকিত্সার জন্য বিদেশে ছিলেন। ওই সময় মামলাগুলো করা হয়। পরে মামলার বিষয়গুলো জানার পর তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আদালত সূত্রে জানা যায়, সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরার মালিক শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। এ মামলার অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক। শাহ আলম ছাড়া আবু সুফিয়ান ও সলিমুল হক জামিনে এবং লুত্ফুজ্জামান বাবর কারাগারে আটক আছেন।মামলার বিবরণে জানা যায়, বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই নৃশংসভাবে খুন হন। পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে শাহ আলমের ছেলে সানবীরের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলাটি করে।