সাব্বির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও দেয়নি সিআইডি
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেন মামলায় আজ বৃহস্পতিবারও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম ইসমাইল হোসেইন আগামী ১১ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলায় আজ সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এর আগে আরও নয়বার আদালত সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সাব্বির হত্যা মামলা থেকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে।মামলায় বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন, চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, বসুন্ধরার সাবেক নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক ওরফে ইকোনো কামাল। আসামিদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, সংরক্ষণ ও পরস্পরকে সহায়তা করার অভিযোগ আনা হয়। আজ আহমেদ আকবর সোবহানের পক্ষে সময়ের আবেদন করা হয়। আসামি লুত্ফুজ্জামান বাবর, আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক জামিনে আছেন। বাবর অন্য মামলায় কারাগারে আটক আছেন। মামলার বিবরণে জানা যায়, হুমায়ূন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই দিবাগত রাতে নৃশংসভাবে খুন হন। ওই দিন পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে সানবীরের জড়িত থাকার প্রমাণ পায়। এ কারণে তাঁর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে।