সাব্বির হত্যা মামলার রায় ১৫ ডিসেম্বর
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় ১৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক এ তারিখ ধার্য করেন।একই সঙ্গে সাব্বির হত্যা মামলায় দুই আসামি সামসুদ্দিন আহমেদ ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বলের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।এ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ তিন আসামি পলাতক আছেন। সানবীরকে গ্রেপ্তারের জন্য ‘রেড নোটিশ’ জারি করা হয়। পলাতক অন্য দুই আসামিরা হলেন, হুমায়ুন কবির ও নূরে আলম। সাব্বির বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক ছিলেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে সে সময় সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর ২০০৬ সালের ৫ জুলাই দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে দেশ ত্যাগে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুত্ফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।