সাব্বির হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩ এপ্রিল
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩ এপ্রিল। সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম আজ সোমবার পরবর্তী এ তারিখ ধার্য করেন।মামলাটির বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি প্রথম ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং ওই দিন জামিনের থাকা দুই আসামির পক্ষে আইনজীবীরা তাঁকে জেরা করেন। এরপর ৯ মার্চ ধার্য তারিখে তাঁকে জেরা করেন পলাতক তিন আসামির পক্ষের আইনজীবী। পলাতক এ তিনজন আসামি হলেন—সাফায়েত সোবহান সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির। এঁদের মধ্যে সানবীর প্রধান আসামি। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ছেলে।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ খুনের প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। সিআইডি ২০০৮ সালের ৮ মে সাব্বির হত্যা মামলায় সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।