সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব্বির হত্যা মামলায় আজ সোমবার আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে বাদীসহ মোট ১৫ জন এ মামলায় সাক্ষ্য দিলেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণের জন্য ৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আজ আদালতে সাক্ষ্য দেন আলামত জব্দ তালিকার সাক্ষী মো. ইসমাইল হোসেন, সাব্বির যে ভবনে খুন হন সে ভবনের একটি ফ্ল্যাটের মালিক শাহ আলম, সানবীরের গাড়ির চালক শফিকুল ইসলাম এবং ভিনটেজ গেস্ট হাউসের কর্মচারী হারুন-অর রশিদ। এঁদের মধ্যে শফিকুল ইসলাম ও হারুন-অর রশিদকে রাষ্ট্রপক্ষ বৈরী ঘোষণা করেছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শফিকুল ইসলাম ও হারুন-অর রশিদ পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন, সেটির সঙ্গে আজকে আদালতে দেওয়া সাক্ষ্যের মিল না থাকায় রাষ্ট্রপক্ষ দুই সাক্ষীকে বৈরী ঘোষণা করেন। তিনি বলেন, সানবীরের গাড়িচালক ঘটনার সময় পুলিশকে বলেছিলেন, ঘটনার পর দিন ২০০৬ সালের ৫ জুলাই সানবীর বিদেশ চলে যান। আর আদালতে আজ ৬ তারিখের কথা বলেন। এ কারণে রাষ্ট্রপক্ষ তাঁকে বৈরী ঘোষণা করেন। আর হারুন-অর রশিদ বলেছিলেন, সানবীর হোটেল থেকে মেয়ে আনতে যান। কিন্তু আজ আদালতে তিনি বলেন সাব্বির একটি মেয়েকে আনতে হোটেলে যান। এ কারণে তাঁকেও বৈরী ঘোষণা করা হয়।বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির (৩০) ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে তখন সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে।পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুত্ফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। শুধু তা-ই নয়, এরপর বাবর এই টাকার মধ্যে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।