সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য দিলেন নিরাপত্তাকর্মী শফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আজ বুধবার নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক রেজাউল ইসলাম তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১৯ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। সাব্বির হত্যা মামলায় এ নিয়ে দুজন সাক্ষ্য দিলেন।এর আগে গত ৩ মার্চ নিহত সাব্বিরের ভগ্নিপতি ও মামলার বাদী এ এফ এম আসিফ আদালতে সাক্ষ্য দেন। তাঁকে ওই দিন আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। তিনি সাব্বির হত্যার ঘটনার দিন গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের জি-থ্রি ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর সামনে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বসুন্ধরা গ্রুপের ফ্ল্যাট থেকে ছবি, বিয়ার ক্যান উদ্ধার করে তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় তিনি স্বাক্ষর করেছিলেন বলে আদালতকে জানান। প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে সে সময় সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে দেশ ত্যাগে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুত্ফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। শুধু তা-ই নয়, এরপর বাবর এ টাকার মধ্যে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় শাহ আলম জামিনে আছেন।