সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাদী
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে বাদীকে জেরা করা হয়। আদালত সাক্ষ্য গ্রহণ ও জেরার জন্য ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।বাদী এ এফ এম আসিফ সাব্বিরের ভগ্নিপতি।গত ২৭ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বাদী অনিবার্য কারণে ওই দিন হাজির হতে না পারায় আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং অন্য দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক। আসামি সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন। মামলার অন্য আসামি সামসুদ্দিন ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বল জামিনে আছেন।