সাভার-আশুলিয়ার ৩০ পোশাক কারখানায় ‘ফাটল আতঙ্ক’
রানা প্লাজা ধসের পর সাভার-আশুলিয়া এলাকায় কারখানা ভবনের কোনো জায়গায় ফাটল দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন শ্রমিকেরা। ফাটলের আতঙ্কে কাজ বন্ধ রাখা, কাজ রেখে বেরিয়ে বিক্ষোভ করার ঘটনাও ঘটছে। এ অবস্থায় শিল্পাঞ্চল পুলিশ ফাটল আছে এমন ৩০টি তৈরি পোশাক কারখানার তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।তবে শিল্পাঞ্চল পুলিশের চিঠি পেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর কর্তৃপক্ষও কারখানা পরিদর্শনে যায়। তারা প্রাথমিকভাবে এই ৩০টি কারখানার ৮০ শতাংশ ঝুঁকিপূর্ণ নয় বলে মত দেয়। তবে ছয়টি কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। কারখানা পরিদপ্তর যে ছয়টি কারখানাকে বন্ধের নির্দেশ দিয়েছে, এর তিনটি শিল্পাঞ্চল পুলিশের তালিকার বাইরে। তবে সরেজমিন দেখা গেছে, এসব কারখানায় এখনো কাজ চলছে।শিল্পাঞ্চল পুলিশ পরিদর্শনে গিয়ে এই ৩০টি কারখানার কোনোটির কলাম-বিমে, কোনো কোনোটির দেয়াল, ছাদ কিংবা মেঝেতে ফাটল পেয়েছে বলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে ৩ মে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে। একই সঙ্গে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছে তারা।পুলিশের চিঠিতে বলা হয়, ভবনের ফাটল দেখে এসব কারখানার শ্রমিকেরা আতঙ্কগ্রস্ত হয়ে কাজ করতে অনীহা প্রকাশ করায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হচ্ছে। সাভারে রানা প্লাজা ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ‘ভবনে ফাটল’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবনে ফাটল চোখে পড়লেই শ্রমিকদের কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চল পুলিশ কারখানাগুলো পরিদর্শনে যায় এবং ফাটল চিহ্নিত করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের জিডির পরিপ্রেক্ষিতে প্রতিটি কারখানার মালিককে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে কারখানার কোন কোন স্থানে ফাটল রয়েছে, তা উল্লেখ করে যথাযথ প্রকৌশলী দিয়ে পরীক্ষা করে মতামত প্রতিবেদন থানায় জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ভবনটি কত তলা করার অনুমোদন আছে এবং কত তলা করা হয়েছে, তার বিস্তারিত নথিপত্র জমা দিতে বলা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলোকে বলেন, কারখানাগুলোকে চিঠি দেওয়ার পর কয়েকটি কারখানা থেকে প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। অধিকাংশ কারখানা থেকেই সাড়া মেলেনি।শিল্পাঞ্চল পুলিশ সূত্র জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ৬০০ পোশাক কারখানা রয়েছে। ছয় কারখানাকে সাময়িক বন্ধের নোটিশ: যে ছয়টি কারখানা সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তার সবই আশুলিয়া এলাকার। এগুলো হচ্ছে নাবানিট কম্পোজিট, মাটসুকা অ্যাপারেলস, আনজির অ্যাপারেলস, মনোরমা সোয়েটার, মাজহার ফ্যাশনস, এ এন জেড ফ্যাশনস। এর মধ্যে মাটসুকা, আনজির ও মনোরমার নাম শিল্পাঞ্চল পুলিশের তালিকায়ও আছে।গত সপ্তাহে সরেজমিন দেখা গেছে, মাটসুকা অ্যাপারেলস, আনজির অ্যাপারেলস, মনোরমা সোয়েটার, এ এন জেড ফ্যাশনস কারখানা চালু রয়েছে।কারখানায় প্রবেশে বাধা: শিল্পাঞ্চল পুলিশের তালিকা অনুযায়ী, আশুলিয়ার বেরন এলাকার সেতারা গ্রুপ, নরসিংহপুরের মেডলার, শিমুলতলার ডংলিয়ান ফ্যাশনস লিমিটেড—এই তিনটি পোশাক কারখানার ভবনে ফাটল রয়েছে। আশুলিয়া থানা থেকেও এই কারখানাগুলোর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।শিল্পাঞ্চল পুলিশের চিঠিতে বলা হয়, সেতারা গ্রুপের ছয়তলা ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলার বিম, দেয়াল ও ছাদে ফাটল রয়েছে। গত বুধবার সেতারা গ্রুপের কারখানায় গেলে সেখানকার শ্রমিকেরাও একই তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিক পরিচয়ে কারখানায় যেতে চাইলে নিরাপত্তারক্ষীরা ভেতরে যেতে দিতে অপারগতা জানান। একপর্যায়ে প্রতিষ্ঠানটির প্রশাসন ও হিসাব বিভাগের ব্যবস্থাপক জহুরুল ইসলাম গেটের বাইরে এসে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘প্রকৌশলী এনে পরীক্ষা করার পর তিনি জানিয়েছেন, এই ফাটল কোনো সমস্যা নয়।’ তিনি বলেন, ‘এত দিন কোনো সমস্যা হয়নি। রানা প্লাজা ধসের পর শ্রমিকদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।’ ভেতরে গিয়ে দেখতে চাইলে তিনিও তাতে রাজি হননি।ডংলিয়ন পোশাক কারখানাটি আটতলা রফিজউদ্দিন টাওয়ারে। শিল্পাঞ্চল পুলিশ বলেছে, ভবনের অষ্টম তলার ছাদ, বিম ও দেয়ালে ফাটল রয়েছে। এই ভবনের বিভিন্ন তলায় প্রাইম ক্যাপ ও ফান নামে আরেকটি কারখানা রয়েছে।সরেজমিন দেখতে গেলে কারখানার কেউ কথা বলতে রাজি হননি। ভেতরেও প্রবেশ করতে দেওয়া হয়নি।জানতে চাইলে ভবনের মালিক গোলাম মোস্তফা দাবি করেন, তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ তাঁর ভবনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে।শিল্পাঞ্চল পুলিশের তালিকায় মেডলার কারখানা সম্পর্কে বলা হয়েছে, আটতলা ভবনের পঞ্চম তলার দেয়ালে ফাটল রয়েছে। গত বুধবারও ওই কারখানার শ্রমিকেরা সকালে কাজ বন্ধ করে বেরিয়ে যান।সরেজমিনে গেলে সেখানেও নিরাপত্তারক্ষীরা ফটক আটকে দেন। পরে প্রশাসন ও হিসাব বিভাগের ব্যবস্থাপক এ এম এ হাফিজুর রহমান ফটকের মুখে বলেন, ‘ফাটলের কথা ঠিক নয়। হেফাজতে ইসলামের কর্মসূচির কারণে শ্রমিকদের বেতন এক দিন পিছিয়ে যাওয়ায় তাঁরা কাজ বন্ধ রেখেছিল।’সাভারের আড়াপাড়ায় রয়েছে ওড়ি অ্যাপারেলস। শিল্পাঞ্চল পুলিশের তালিকায় বলা হয়েছে, এর তৃতীয় তলার দেয়ালে ফাটল। রানা প্লাজা ধসের পর ওই কারখানার শ্রমিকেরা ফাটল দেখে আতঙ্কে বেরিয়ে যান। সরেজমিনও ভবনের তৃতীয় তলার ছাদ, বিম ও মেঝেতে ফাটল দেখা যায়।ওড়ির সহকারী উৎপাদন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেছিলেন, পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেবেন। পুলিশের তালিকায় আরও যেসব কারখানা: সাভারে আরও তিনটি কারখানায় ফাটলের কথা উল্লেখ করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশের তালিকায়। এগুলো হচ্ছে গেন্ডা এলাকার ঢাকা সোয়েটার এবং বিরুলিয়া রোডের সাভারটেক্স ও সুরমা গার্মেন্টস। সুরমা ও সাভারটেক্স দুটি একই ভবনে। ঢাকা সোয়েটারের তৃতীয় ও চতুর্থ তলার দেয়ালে ফাটল এবং সুরমা ও সাভারটেক্সের সংযোগস্থলে ফাটল আছে বলে শিল্পাঞ্চল পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা আছে। আশুলিয়া এলাকায় আরও যেসব ভবনে ফাটলের কথা বলেছে শিল্পাঞ্চল পুলিশ, সেগুলো হচ্ছে জিরানীর ডিকা টেক্সটাইলস লিমিটেড (পঞ্চম তলার দেয়ালে ফাটল), বলিভদ্র বাজারের রাতুল ফেব্রিক্স ও ফুল ওয়ে গার্মেন্টস (দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ফাটল), বাইপাইলের আনজির অ্যাপারেলস (নবম তলার পিলারে ফাটল), পলাশবাড়ীর আরবি স্টাইল অ্যান্ড ফ্যাশনস (প্রথম ও দ্বিতীয় তলার বিমে ফাটল), কাইচাবাড়ীর এনওয়াই সোয়েটার (প্রথম ও দ্বিতীয় তলার পিলারে ফাটল), পল্লী বিদ্যুৎ এলাকার মাদার ফ্যাশনস (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার দেয়াল ও মেঝেতে ফাটল), ওশান গেট সোয়েটার (নিচতলার পিলারে ফাটল), গণকবাড়ীর আশা গার্মেন্টস (পঞ্চম তলায় দুই ভবনের মাঝে ফাটল), শিমুলতলার শাহ অ্যান্ড জারা (চতুর্থ তলার দেয়াল ও মেঝেতে ফাটল), মধ্য গাজীরচটের দারদা নিটওয়্যার (চতুর্থ তলার বিমে ফাটল), বাংলা জাপান লিমিটেড (ষষ্ঠ তলার দেয়ালে ফাটল), জামগড়ার সাফা সুইং (প্রথম তলার শৌচাগারে ও দ্বিতীয় তলার অফিসকক্ষের সিঁড়ির সামনে ফাটল), নরসিংহপুরে ডেকো গ্রুপ (নিচতলা ও পঞ্চম তলার দেয়ালে ফাটল), নেক্সট কালেকশন (তৃতীয় ও চতুর্থ তলার দেয়ালে ফাটল), জিরাবর টি ডিজাইন (দ্বিতীয় তলার বিম ও পঞ্চম তলার ছাদে ফাটল), অ্যালাইন্স নিট কম্পোজিট (চতুর্থ তলার দেয়ালে ফাটল), কাঠগড়ার ম্যাগপাই নিট কম্পোজিট (অষ্টম তলার দেয়ালে ফাটল), গৌরীপুরের এস এ রহমান সোয়েটার (প্রতি তলায় ফাটল), মণ্ডল গ্রুপ (চতুর্থ ও ষষ্ঠ তলার দেয়ালে ফাটল)। এর বাইরে গত কয়েক দিনে সাভার ও আশুলিয়া এলাকায় বেশ কিছু কারখানায় ফাটল আতঙ্কে শ্রমিকেরা বাইরে বের হয়ে বিক্ষোভ করেছেন। জানতে চাইলে শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে শ্রমিকদের দাবি অনুযায়ী ৩০টি কারখানাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলকারখানা ও পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শককে বার্তা পাঠানো হয়েছে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের সহকারী প্রধান পরিদর্শক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, শিল্পাঞ্চল পুলিশ যে ৩০টি কারখানার তালিকা করেছে, তার ৭০ থেকে ৮০ শতাংশে বড় ধরনের কোনো সমস্যা নেই। শ্রমিকদের আতঙ্ক থেকে তালিকাটি করা হয়েছে। তিনি বলেন, ‘তবে পরিদর্শন করে আমরা ছয়টি প্রতিষ্ঠান সাময়িক বন্ধের নোটিশ দিয়েছি।’ মতিউর রহমান বলেন, কলকারখানা পরিদপ্তরের ছয়জন প্রকৌশলী ও ১৮ জন কারখানা পরিদর্শক আছেন। তাঁরা এই ভবনগুলো পরিদর্শন করেছেন। এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। কারণ, ঢাকা বিভাগের কারখানাগুলোর পরিদর্শন চলছে। শেষ হলে প্রতিবেদন দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা সব কারখানায় প্রকৌশলী পাঠাতে পারেন না। সে ক্ষেত্রে সাদা চোখে দেখেই তাঁরা ব্যবস্থা নেন।জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, কলকারখানা পরিদপ্তর ছয়টি কারখানাকে বন্ধের কোনো নোটিশ দেয়নি। তাদের তিন থেকে ছয় মাস সময় বেঁধে দিয়ে সংশোধনের জন্য বলা হয়েছে। তিনি বলেন, বিজিএমইএর পরিদর্শক দল ইতিমধ্যে নয়টি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ ঘোষণা করেছে।