সাভার উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ কর্মকর্তার জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার প্রথম শ্রেণীর পাঁচ কর্মকর্তা জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল রোববার সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তাঁরা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতির ফিরোজ কবীরের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন।সাভার থানার পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুল হক, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মনিরুল হক, সাব-রেজিস্ট্রার জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মতিন সরকার থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পৃথকভাবে জিডি করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন তাঁর জিডিতে উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যানের অসহযোগিতার কারণে তিনি উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রী উপবৃত্তি প্রদান প্রকল্পের (পর্যায়-৪) ছাত্রী নির্বাচন ও প্রকল্প বাস্তবায়নের কর্মকৌশল-সংক্রান্ত কর্মশালার আয়োজন করতে পারেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মতিন সরকারের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান মুঠোফোনে তাঁকে প্রায়ই গালাগাল করেন ও লাঞ্ছিত করার হুমকি দেন।সাব-রেজিস্ট্রার জিয়াউল হক তাঁর জিডিতে উল্লেখ করেন, ঈদুল ফিতরের আগে ঈদগাহ ময়দানের উন্নয়নের কথা বলে উপজেলা চেয়ারম্যান তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। তিনি অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাঁকে লাঞ্ছিত করার ভয় দেখান। পরে ভয়ে তিনি ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন। এ ছাড়া চেয়ারম্যান তাঁকে মুঠোফোনে নানা ধরনের ভয়ভীতি দেখান বলেও তিনি জিডিতে উল্লেখ করেন।উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মনিরুল হক তাঁর জিডিতে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রায়ই তাঁকে কার্যালয়ে ডেকে নিয়ে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার জন্য চাপ দিতেন। তিনি অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাঁকে নানা ধরনের ভয়ভীতি দেখান ও গালাগাল করেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুল হকের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সময় তাঁকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে গালাগাল করেন।উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাঁচ কর্মকর্তা নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, যার প্রমাণ আমার কাছে আছে। এসব দুর্নীতির সঙ্গে একটি প্রভাবশালী মহলও জড়িত।’চেয়ারম্যান আরও বলেন, ‘২১ সেপ্টেম্বর ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় আমি তাঁদের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরি। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে জিডি করেছেন।’সাব-রেজিস্ট্রার জিয়াউল হক বলেন, ‘আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। নিরাপত্তার জন্যই আমরা জিডি করতে বাধ্য হয়েছি। এ জন্য কোনো মহল আমাদের বাধ্য করেনি।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। তাঁরা জিডিতে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।