সাভার ও আশুলিয়ায় বেতন-বোনাসের দাবিতে দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সাভারের জয়নাবাড়ী ফা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া আশুলিয়ায় টঙ্গাবাড়ী এলাকার ন্যাচারাল ডেনিমস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের সঙ্গে পূর্ণ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ন্যাচারাল ডেনিমস কারখানায় শ্রমিকেরা বেতনের সঙ্গে পূর্ণ বোনাস, ঈদের ছুটি বৃদ্ধি এবং টিফিন ভাতা বাড়ানোর দাবিতে গতকাল বুধবারও কর্মবিরতি পালন করেন। পরে ৬০ শতাংশ বোনাস দেওয়া হবে, এ মর্মে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হয় এবং অন্যান্য দাবিও মেনে নেওয়া হবে, এমন আশ্বাস দিয়ে ওই দিনের মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে বেতনের সঙ্গে পূর্ণ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন।সিরাজুল ইসলাম আরও জানান, সব ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কারখানার বাইরে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।