সাভার ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সাভারের আমিনবাজারে ও টাঙ্গাইলের মির্জাপুরে আজ শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।সাভারের আমিনবাজারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার বেলা আড়াইটার দিকে বাসের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন আনিসুর রহমান (৫০) ও আবদুল আউয়াল। আনিসুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। আউয়ালের ঠিকানা জানা যায়নি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, আমিনবাজারের অদূরে মধুমতি মডেল টাউনের কাছে ঢাকা থেকে সাভারগামী হানিফ পরিবহনের দ্রুতগতিতে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেলের আরোহীরা ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হয়েছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম শম্পা আক্তার (২৫)। তাঁর বাড়ি উপজেলা সদরের বাইমহাটি গ্রামে। আহত ব্যক্তিদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়ায় টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস পেছন থেকে একটি টেম্পোকে ধাক্কা দেয়। টেম্পোটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন এবং হাসপাতালে ভর্তির পর আরও দুজন মারা যান।মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনজিয়া বেগম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।