সাভার ট্রাজেডি বিশ্ব গণমাধ্যমের পাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে নয়তলা ভবন ‘রানা প্লাজা’ ধসের খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। বেশির ভাগ গণমাধ্যমই ধসে বিপুলসংখ্যক মানুষ নিহত হওয়া, জীবিত ও মৃতদের উদ্ধার তত্পরতা, ভবনধসের আগে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নিতে মালিকদের অবজ্ঞা এবং নিহত লোকজনের স্বজনদের আহাজারির বিষয়টি তুলে ধরে।বিবিসি বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, রানা প্লাজা ধসে ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। খবরে জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীসহ স্বেচ্ছাসেবীদের তত্পরতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদের স্বজনদের খোঁজে আহাজারি করছে।পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার ভবনে ফাটল ধরা পড়ার পর সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু পোশাক কারখানার মালিকেরা সে নির্দেশনা মানেননি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, ৩০ এপ্রিল ভবনের মালিক ও পোশাক কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের আদালতে হাজির হতে বলেছেন দেশটির হাইকোর্ট। এ ছাড়া এখন পর্যন্ত পোশাক কারখানার মালিকেরা পলাতক বলেও জানায় বিবিসি। অনৈতিক ওই হত্যাকাণ্ডের জন্য ভবন ও কারখানার মালিকদের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ভবনটি ধসের সময় দুই হাজারের মতো লোক সেখানে অবস্থান করছিলেন বলে জানায় সংস্থাটি। আল জাজিরাআল জাজিরা জানিয়েছে, ভবন ধসে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন। শত শত শ্রমিক আজ রাজধানী ঢাকার রাস্তায় লাঠি হাতে মিছিল বের করেন। মিছিলে তাঁরা পোশাক কারখানার মালিকদের শাস্তি দাবি করেন। এ সময় শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন এবং কিছু জায়গায় ভাঙচুর চালান। শ্রমিকেরা বিজিএমইএ ভবনেও ভাঙচুর চালায়।রয়টার্স রয়টার্সের খবরে বলা হয়, আটতলা ভবনটি ধসে নিহতের সংখ্যা ২২০ ছাড়িয়েছে। পাঁচ মাস আগে তাজরীন গার্মেন্টসে আগুনে ১১২ জন নিহত হওয়ার পর কালকের ধসের ঘটনা ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্বন্ধে নেতিবাচক বার্তা দিয়েছে।বিজিএমইর সভাপতি আতিকুল ইসলামের বরাত দিয়ে বলা হয়, গতকাল বুধবার ভবনে তিন হাজার ১২২ জন শ্রমিক ছিলেন।খবরে বলা হয়, যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রিমার্ক রানা প্লাজার তৃতীয় তলার একটি কারখানা থেকে তাদের মালামাল সংগ্রহ করত বলে জানায়। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে গতকালের ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।কানাডার প্রতিষ্ঠান লবলোর জনসংযোগ দপ্তরের সহসভাপতি জুলিজা হান্টার ভবন ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।রয়টার্সের অনুসন্ধানে দেখা যায়, গত বছর স্পেনের কোম্পানি ম্যাঙ্গো ও বেনেট্টন ওই ভবনটিতে মালামাল সংগ্রহ করত। তবে বেনেট্টনের একজন মুখপাত্র বলেন, কোনো পোশাক কারখানাই তাঁদের মালামাল সরবরাহ করত না।এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘সোর্সিং ম্যাগাজিন’ নামে একটি সাময়িকীর প্রকাশক অ্যাডওয়ার্ড হার্টজম্যান বলেন, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, স্পেন, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ২৭ ক্রেতা ধসে পড়া ভবনের বিভিন্ন কারখানা থেকে পোশাক কিনতেন।সিএনএন সিএনএন জানায়, ভবনধসে আজ রাত পর্যন্ত ২৪৪ জন নিহত হয়েছে। গতকালের পর আজও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকাজ অব্যাহত রাখছেন। ভবনটিতে প্রায় দুই হাজার ৫০০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকেই কাজ করতে না চাইলেও কারখানার মালিকেরা তাঁদের জোর করে কাজ করান। খবরে বলা হয়, ওই ধসের পর ৪০ লাখ লোকের কর্মস্থল পোশাক কারখানাগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সিএনএন জানায়, ওই ভবনটিতে নিউওয়েভ স্টাইল, এথার টেক্স, ক্যান্টন টেক অ্যাপারেল, নিউওয়েভ বটমসহ কয়েকটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল । এ ছাড়া ওই ভবনের কারখানা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ড্রেস বার্ন ও কানাডার প্রতিষ্ঠান জো ফ্রেশ-এর কাছে পোশাক সরবরাহ করা হতো।সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রমিক অধিকার রক্ষা প্রতিষ্ঠান ‘ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম’-এর নির্বাহী পরিচালক স্কট নোভা বলেন, বিভিন্ন কোম্পানি কম দামে পণ্য বিক্রি করতে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর চাপ দেয়। ফলে কারখানাগুলোতে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।ওয়াশিংটন পোস্টওয়াশিংটন পোস্ট জানায়, ভবন ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গতকালের ওই দুর্ঘটনাটিই ছিল বাংলাদেশের বিকাশমান ও শক্তিশালী পোশাকশিল্পে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।ধসের পর সেনাবাহিনীর উদ্ধারকাজের তত্ত্বাবধায়ক মো. সিদ্দিকুল ইসলামের বরাত দিয়ে খবরে বলা হয়, আজ বিকাল পর্যন্ত ২০৩ জন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।খবরে বলা হয়, ওই ভবনে থাকা প্রতিষ্ঠান নিউওয়েভ তাদের ওয়েবসাইটে দাবি করেছে, তারা উত্তর আমেরিকার প্রতিষ্ঠান দ্য চিল্ড্রেন’স প্লেস ও ড্রেস বার্ন, যুক্তরাজ্যের প্রিমার্ক, স্পেনের ম্যাঙ্গোলি ও ইতালির বেনেট্টনকে পোশাক সরবরাহ করতো। অন্যদিকে ওই ভবনে থাকা আর একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে বড় খুচরা পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ওয়াল-মার্টকে তারা পোশাক সরবরাহ করত।