আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার মডেল থানার দুই এসআই ও ছয় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।গত ১৮ জুলাই শবে বরাতের রাতে ওই গ্রামে ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। একজন বেঁচে যায়। যাঁদের প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন: থানার উপপরিদর্শক (এসআই) হারেস শিকদার ও আনোয়ার হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান, নাজমুল হোসেন, সোহেল মিয়া, সাইদুর রহমান, শাহীন মিয়া ও খায়রুল ইসলাম।ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছয় ছাত্র হত্যার ঘটনার সময় ওই এলাকায় এই আট পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। বিচার বিভাগীয় তদন্ত কমিটি এঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদন দু-তিন দিনের মধ্যে জমা দেওয়া হবে। এরপর তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আগাম ব্যবস্থা হিসেবে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ঘটনার পর পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমির হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। অপর দুই সদস্য হলেন: পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম ও সিআইডির বিশেষ সুপার শেখ মো. রেজাউল হায়দার।কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দায়িত্ব পালন করলে ছয় ছাত্রের প্রাণ যেত না। কমিটির তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার এবং বড়দেশী গ্রামবাসীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে কমিটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে।