সাভার থানার ওসি প্রত্যাহার, দুই এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবে বরাতের রাতে রাজধানীর অদূরে আমিনবাজারের কাছে বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনায় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই উপপরিদর্শককে (এসআই)। গতকাল সোমবার ঢাকার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের কাছে জমা দেওয়া পুলিশের তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার জন্য সাভার থানার ওসিকে প্রত্যাহার এবং ঘটনাস্থলে উপস্থিত দুই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে ওসি মো. মাহাবুবুর রহমানকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া এসআই হারেস শিকদার ও এসআই আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বরখাস্ত হওয়া দুই এসআই ও ছয় কনস্টেবলকে ১১ সেপ্টেম্বর সাভার থানা থেকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।গত ১৭ জুলাই শবে বরাতের রাতে বড়দেশী গ্রামে বেড়াতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মারা যায় শামস রহিম শাম্মাম (১৭), ইব্রাহিম খলিল (২১), তৌহিদুর রহমান (২০), টিপু সুলতান (১৯), সিতাব জগাবীর মুনিব (২০) ও কামরুজ্জামান কান্ত (১৬)। আহত হয় আল-আমিন নামের তাদের এক বন্ধু। নিহত ছাত্রদের সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র। ঘটনা তদন্তে গত ৩ আগস্ট দেওয়া হাইকোর্টের নির্দেশে ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এর আগে গত ২১ জুলাই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আমিনুর উদ্দিনকে প্রধান করে গঠন করা হয়েছিল চার সদস্যের তদন্ত কমিটি। বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় ৮ সেপ্টেম্বর আর পুলিশের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয় গত রোববার। দুটি তদন্ত প্রতিবেদনেই পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করা হয়।যোগাযোগ করা হলে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের গঠিত তদন্ত কমিটির সুপারিশে গতকাল ওসিকে প্রত্যাহার করাসহ দুই এসআইকে বরখাস্ত করা হয়েছে।তিনি আরও জানান, শিগগিরই এসব কর্মকর্তা ও কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।