নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব বলছে, গত বুধবার রাত আটটায় রাজধানীর উপকণ্ঠ সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে আবদুস সামাদ (৩৯) ও আশরাফুল ইসলাম (৩০) নামে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার র্যাবের সদর দপ্তরে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া আবদুস সামাদ হুজির সিলেট শহর শাখা ও আশরাফুল পাবনার ঈশ্বরদী থানা শাখার সাধারণ সম্পাদক। সামাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে। আর আশরাফুলের বাড়ি পাবনার ইশ্বরদী থানার সাহাপুর পূর্বপাড়া গ্রামে।এদিকে প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, সামাদের পরিবার অভিযোগ করেছে, সামাদ গত সোমবার বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে অপহূত হন। এই ঘটনায় গত মঙ্গলবার দামুড়হুদা থানায় অপহরণ মামলাও হয়েছে। গতকাল র্যাবের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে দুই জঙ্গির গ্রেপ্তার সম্পর্কে লিখিত বক্তব্যে বলা হয়, গত বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে সামাদ ও আশরাফুলকে গ্রেপ্তার করে। তাঁদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কলমা এলাকার একটি বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে স্থানীয়ভাবে তৈরি ১৬টি বোমা, দেশী তৈরি গ্রেনেডের ৪১ টি খোলস, ২৪টি ককটেল, চারটি আতশবাজীসহ বোমা তৈরির বিভিন্ন রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামাদী উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহাইল। তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুইজন র্যাবকে জানিয়েছেন, হুজির বর্তমান মহাসচিব ইয়াহিয়ার নির্দেশে তাঁরা ঢাকায় আসেন। আশুলিয়ার কলমা এলাকায় হুজি সদস্য নাজমুলের বাসায় তাদের সমবেত হওয়ার কথা ছিল। পরে র্যাব এই বাসা থেকেই ওই বোমা ও বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করে।আব্দুস সামাদের সম্পর্কে র্যাব জানায়, তিনি বাগেরহাট সদর জেলার হাকিমপুর মাদ্রাসায় পড়ার সময় জনৈক মোক্তারের মাধ্যমে হুিজিতে যোগ দেন। এরপর ১৯৯৫ থেকে ১৯৯৭ সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়ার সময় আশেপাশের কয়েকটি এলাকায় উচ্চতর প্রশিক্ষন নেন। সামাদ ১৯৯৮ সালে ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভর্তি হন। ২০০০ সাল থেকে তিনি সিলেটের জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। ২০০২ সাল থেকে তিনি হুজির সিলেট শহরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হুজি নিষিদ্ধ হওয়ার পর তিনি চুয়াডাঙ্গায় আত্মগোপনে যান। ২০০৭ সাল থেকে তিনি চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কওমী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হুজির সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন বলে র্যাব দাবি করে।আশরাফুল সম্পর্কে র্যাবের তথ্য হল, তিনি ২০০২ সালে ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষনে অংশ নেওয়ার সময় জনৈক সেতুর মাধ্যমে হুজিতে যোগ দেন। তিনি ২০০৪ সালে টাঙ্গাইলের ধুলির চর মাদ্রাসায় আটদিনের প্রশিক্ষন নেন। ২০০৬ সালে আশরাফুলের বাসায় সাংগঠনিক বৈঠক করেন শীর্ষ হুজি নেতারা। তখন থেকেই তিনি হুজির ঈশ্বরদী উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।চুয়াডাঙ্গায় অপহরণ মামলা: প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা শহরের আদর্শ মহিলা কওমী মাদ্রাসার পরিচালক আব্দুস সামাদ অপহূত হয়েছেন বলে অভিযোগ করে তাঁর বড় ভাই নুহু নবী গত মঙ্গলবার দামুড়হুদা থানায় মামলা (নং-২৬) করেন। নুহু নবীর অভিযোগ, গত সোমবার সামাদ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থল চুয়াডাঙ্গা শহরে আদর্শ মহিলা মাদ্রাসায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে জয়রামপুর কাঁঠালতলা কানাপুকুর নামক স্থান থেকে সাদা রঙের একটি মাইক্রোবাস গতিরোধ করে সামাদকে তুলে নিয়ে যায়। অপর একজন সামাদের মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়। এই অপহরণের বিষয়ে গতকাল সংবাদপত্রে খবরও বের হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা থেকে অপহূত মাদ্রাসা শিক্ষক সামাদ সাভারে র্যাবের হাতে গ্রেপ্তারের খবর গতকাল চুয়াডাঙ্গায় পৌঁছানোর পর পুলিশও নড়েচড়ে বসে। সামাদের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সামাদের বিষয়টি পুলিশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।