সাভার-নবীনগর সড়ক জুড়ে মোক্তারের মুখ!
সাভার থেকে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের দিকে যেতেই চোখে পড়ে সড়ক বিভাজকের ওপর সারি সারি শতাধিক সাইনবোর্ড (প্যানাফ্লেক্স হোর্ডিং)। তাতে লেখা, ‘সাভারের মাটি, শেখ হাসিনার ঘাঁটি—মুরাদ জং’। সাইনবোর্ডের অর্ধেকজুড়ে বঙ্গবন্ধুর মুখ। বাকি অর্ধেকে মোক্তার হোসেনের ছবি। নিচে লেখা, ‘সৌজন্যে মোক্তার হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক, সাভার থানা ছাত্রলীগ’।সড়ক বিভাজক ছাড়াও সাভার-নবীনগর সড়কের বিভিন্ন স্থানে বড় কয়েকটি বিলবোর্ডও লাগিয়েছেন মোক্তার হোসেন। তবে সাভার ছাত্রলীগ বলছে, মোক্তার ছাত্রলীগের কেউ নন। আর পুলিশ জানিয়েছে, মোক্তার সাভার থানার একটি হত্যা মামলার পলাতক আসামি।রাস্তার পাশে লাগানো বিশাল একটি বিলবোর্ডেও মুরাদ জংকে উদ্ধৃত করে লেখা, ‘কে যাবি আয় রে আয়, শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নায়’। বিলবোর্ডের একপাশে স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদের (মুরাদ জং), আরেক পাশে মোক্তার হোসেনের ছবি। মাঝখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি। সাভার থেকে নবীনগর পর্যন্ত এ রকম কয়েকটি বিলবোর্ড লাগানো হয়েছে।স্থানীয় লোকজন জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই পথ দিয়ে স্মৃতিসৌধে যান। তাই প্রতিবছরই স্থানীয় নেতাদের মধ্যে শুরু হয় পোস্টার-ব্যানারে মুখ দেখানো আর নাম লেখানোর প্রতিযোগিতা। ছবিসহ তোরণ, ব্যানার আর বিলবোর্ডে ভরে যায় রাস্তার দুই পাশ। প্রতিবছরের মতো এবারও অনেক নেতা-কর্মীই বিলবোর্ড-ব্যানার লাগিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লাগিয়েছেন ছাত্রলীগের স্বঘোষিত নেতা মোক্তার। সাভার সড়কের মাঝখানে ও দুই পাশ ভরে দিয়েছেন সাইনবোর্ড-বিলবোর্ডে।এ ব্যাপারে চেষ্টা করেও মোক্তার হোসেনের বক্তব্য নেওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।সাভারের পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি দুপুরে সাভারের বক্তারপুরে রেজাউল করিম নামের এক যুবককে মোক্তার হোসেন গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহত রেজাউলের বোন মুক্তা বেগম বাদী হয়ে মোক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় আদালত মোক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওই মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, মোক্তার খুনের মামলায় পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।হত্যা মামলার পলাতক আসামির পক্ষে এভাবে সড়কজুড়ে সাইনবোর্ড-বিলবোর্ড লাগিয়ে দাপট দেখানো কীভাবে সম্ভব হচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মোক্তার যেহেতু রাজনৈতিক পদে আছেন, তাই তাঁর নামের সাইনবোর্ড-বিলবোর্ড যে কেউই লাগাতে পারে। তবে তিনি সশরীরে এলাকায় আছেন কি না, সেটা হলো বিবেচ্য বিষয়।’ ওসি দাবি করেন, পলাতক আসামি মোক্তারকে ইদানীং এলাকায় দেখা যাচ্ছে না।মোক্তার হোসেন এত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতা পরিচয়ে। তবে সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘গত জানুয়ারি মাসে মোক্তার হত্যা মামলার আসামি হওয়ার পরও বলেছি, এখনো বলছি, তিনি ছাত্রলীগের কেউ নন।’ আর এ বিষয়ে আরও জানতে তিনি স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।যোগাযোগ করা হলে সাংসদ তৌহিদ জং মুরাদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনলাম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’