সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘রানা প্লাজা ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে নির্মিত হয়েছে। ক্ষমতায় এলে সবাই সরকারি দলের হয়ে যায়। কে কোন দলের, তা আমার কাছে বড় কথা না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সে যে দলেরই হোক, আমাদের দলের হলেও ছাড়ব না। দলের দোহাই দিয়ে কেউ পার পাবে না, এটা আমার কাছে স্পষ্ট। এই ভরসা যেন জনগণ আমাদের ওপর রাখে।’আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাভারের এই মর্মান্তিক ঘটনার ওপর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। একই সঙ্গে তিনি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষুব্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড না চালানোর অনুরোধ জানান। সংসদনেতা বলেন, ‘একটা পিলার ভেঙে গেছে জেনেও কারখানার মালিক শ্রমিকদের জোর করে ভবনে ঢুকিয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও কে বা কারা শ্রমিকদের ঢুকিয়েছে, তা আমরা বের করেছি। যেখান থেকে হোক তাঁকে খুজে বের করব। তাকে আমরা শাস্তি দেবই। মানুষের জীবন নিয়ে খেলা মেনে নেওয়া যায় না। যে মালিকরা শ্রমিকদের কাজে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’প্রধানমন্ত্রী বলেন, ‘ভবনে আগের দিন ফাটল দেখা যায়। এরপর শ্রমিকদের বের করে নিয়ে আসা হয়। যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য পুলিশ পাহারায় বসে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, মালিকপক্ষ পরের দিন শ্রমিকদের জোর করে কারাখানায় ঢোকায়। তাদের কাজে বাধ্য করে।’শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কষ্টটা আমাদের সবার। অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে যারা ভাঙচুর করছে, তাতে কি তাদের কোনো লাভ হবে? বরং উদ্ধারকাজ ব্যাহত হবে। রাস্তায় নেমে গাড়ি ভেঙে, ঢিল মেরে, দুটো গ্লাস ভেঙে, গাড়ি পুড়িয়ে কোনো লাভ হবে না।’সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা আহত হয়েছে, তাদের অনেক দিন চিকিত্সা দরকার। এই চিকিত্সা আমরা দেব। যাঁরা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সে ব্যবস্থাও আমরা নেব।’ প্রধানমন্ত্রী জানান, এখন পর্যন্ত ধসে পড়া ভবন থেকে দুই হাজার ২১০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২১০ জন মৃত এবং এক হাজার ৪০২ জন আহত।ঘটনাস্থলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের না যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা সেখানে গেছেন। উনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ উদ্ধারকাজ বন্ধ ছিল। ভিআইপি মুভমেন্ট হলে প্রশাসন ব্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে পড়ে। এতে উদ্ধার কাজ ব্যাহত হয়।’ শেখ হাসিনা বলেন, ‘রানা প্লাজা ধসে পড়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। বিশ্বের ইতিহাসে এত দ্রুত কেউ উদ্ধারকাজ করেছে কি না, তা বলতে পারব না।’ তিনি আরও বলেন, ‘ভবনের একটি স্লাব সরাতে গেলে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। এতে জীবিতরা মারা যেতে পারেন। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা পারদর্শিতা দেখিয়েছে। একজনকে হাত কেটেও বের করতে হয়েছে। সেনাবাহিনী ও সিভিল ডিফেন্সের সব যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। অনেক জায়গায় ক্রল করে ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালাচ্ছে।’ প্রধানমন্ত্রী চিকিত্সক, ওষুধ কোম্পানি, ব্যবসায়ী, স্থানীয় জনগণসহ যারা সাহায্যে এগিয়ে এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।