সাভার যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সাভার থানা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা সংগঠনের কেউ নন, এমন দাবি করে যুবলীগ বলেছে, সোহেল রানাকে কেন্দ্র করে সাভার যুবলীগ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার অবসানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। যুবলীগের উপদপ্তর সম্পাদক নাসিম আল মোমিনের সই করা ওই বিবৃতিতে সোহেল রানাকে ‘স্বঘোষিত যুবলীগ নেতা’ আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।বিবৃতিতে বলা হয়, ‘সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় ভবনমালিক সোহেল রানার সঙ্গে যুবলীগের সংশ্লিষ্টতার যেসব খবর গত কদিন গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের দৃষ্টিগোচর হয়েছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলোতে বলা হয়েছে, সোহেল রানা সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রে কোনো পর্যায়ের কমিটিতেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে কোনো পদ নেই। এ ছাড়া, সাভার পৌর যুবলীগের যে কমিটি আমাদের কাছে আছে, তাতে যুগ্ম আহ্বায়ক পদেও সোহেল রানা নামের কেউ নেই। তাই এটা স্পষ্ট যে, রানা প্লাজার মালিক সোহেল রানা স্বঘোষিত পদ তৈরি করে যুবলীগের নাম ব্যবহার করে পোস্টার, ব্যানার করেছে তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য।’