সাভারে অস্ত্র, গুলিসহ ১৬ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গতকাল বুধবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। র‌্যাব তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি, তিনটি চাপাতি, চারটি বড় ছোরা এবং বেশকিছু লোহার রড উদ্ধার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের শাহজাহান (২৮), সিরাজগঞ্জের চৌহলির সবুজ মিয়া (২৫), মোসলেম উদ্দিন (৩০), আনোয়ার হোসেন (২২), মুন্সিগঞ্জের শ্রীনগরের তারা মিয়া (৩২), ভোলার নীরব (২৫), জামালপুরের রবি (৩২), শরীয়তপুরের রাজ্জাক (৩০), সোবাহান (২৩) ও জুলহাস (২৩), ফেনীর নজরুল ইসলাম (৪৫), মাদারীপুরের জামাল মুন্সি (২৫), বরগুনার রিয়াজ (২২), নোয়াখালীর রনি (২০), সাভারের গোলাম মোস্তফা (৩০) ও সুমন (২২)।র‌্যাব-৪ সাভার ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল রাতে ডাকাতির উদ্দেশে এই ডাকাতেরা একটি ট্রাকে করে গাবতলী থেকে সাভারের দিকে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তিনটার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়।র‌্যাব সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল হক বলেন, ডাকাতেরা রাতে মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক অনুসরণ করে সুবিধামতো স্থানে পৌঁছানোর পর ব্যারিকেড দিয়ে চালক ও সহকারীকে বেঁধে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঢাকা-আরিচা মহাসড়কে রডবোঝাই ট্রাক লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বছরখানেক আগেও এ ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তারা আবার ডাকাতির সঙ্গে যুক্ত হয়েছে। র‌্যাব কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেলের দিকে তাদের সাভার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।