সাভারে আজ সোমবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন শ্রমিক আহত হন বলে জানা গেছে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা একটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।স্থানীয় লোকজন জানায়, সাভারের নাভানা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে গত কয়েক দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। নাভানা কর্তৃপক্ষ আজ একটি ইউনিটের শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়। কিন্তু অন্য শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়া হয়। পরে বাইরে থাকা শ্রমিকেরা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে সকাল সাড়ে আটাটার দিকে ভেতরের শ্রমিকদের বের করে নিয়ে আসেন। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকদের একাংশ কারখানায় ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। সেখান থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা করলে শ্রমিকেরা পিছু হটে। শ্রমিকেরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। প্রায় এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলার সময় পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই শ্রমিকেরা নাভানা গার্মেন্টসের ১০০ গজ দূরে অবস্থিত সেঞ্চুরি অ্যান্ড ডিজাইন ফ্যাশন লিমিটেড নামে অপর একটি কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। ওই কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় ক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সেঞ্চুরির কারখানায় ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল্লাহ ২৫টি ফাঁকা গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন।সাভার থানার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজমুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০-২৫ জন শ্রমিক আহত হয়েছেন।এদিকে আশুলিয়ায় পার্ল গার্মেন্টস নামে আরও একটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি-দাওয়া বিক্ষোভ করছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও পোশাক কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।