সাভারে আরও ৬০ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৬১৬ (ভিডিও)
সাভারের রানা প্লাজার ভবনধসের ঘটনায় গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আরও ৬০টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৬০৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। আর জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে নয়জন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬ জনে।উদ্ধার হওয়া লাশের মধ্যে ৪৫৩টি সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠ ও হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বিদ্যালয়ের মাঠে এখনো ৩১টি লাশ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেলের মর্গে এ পর্যন্ত ১০০টি লাশ পাঠানো হয়েছে। সেখান থেকে ৩৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে ১৮টি লাশ। এ দুই হাসপাতালের মর্গে এখনো ৬৫টি লাশ রয়েছে।ভবনধসের দ্বাদশ দিনেও উদ্ধার তত্পরতা চলছে। সকালে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য উদ্ধারকাজে ব্যাঘাত সৃষ্টি হয়। পরে বৃষ্টি থেমে গেলে আবারও উদ্ধার তত্পরতা শুরু হয়।এদিকে আপনজনের লাশ পাওয়ার আশায় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ভিড় জমাচ্ছেন স্বজনেরা। তবে লাশগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে সেগুলো দেখে চেনা কঠিন হয়ে পড়ছে। মুঠোফোন ও আইডি কার্ড দেখে লাশ চিহ্নিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।যে লাশগুলোর বিষয়ে একেবারেই নিশ্চিত হওয়া যাচ্ছে না, সেগুলো নম্বর দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা মিটফোর্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিদিনই অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে স্বজনদের নমুনা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।