সাভারে আসামি পিটিয়ে হত্যার অভিযোগে সড়ক অবরোধ
সাভারে এক পুলিশ ফাঁড়িতে একজন আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ জনতা। নিহত ব্যক্তির নাম শামীম সরকার। তাঁর স্বজনদের অভিযোগ, চাঁদা দিতে না পারায় শামীমকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। এদিকে, এ অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শামীমের (৩২) ভাই বিপ্লব সরকারের অভিযোগ, গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে একদল পুলিশ হেমায়েতপুরের মোল্লা সিএনজি স্টেশন থেকে শামীমকে গ্রেপ্তার করে সাভারের ট্যানারি ফাঁড়িতে নিয়ে যায়। এরপর সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম তাঁর (বিপ্লব) ফোনে যোগাযোগ করে টাকা নিয়ে দেখা করতে বলেন। এই টাকা দিতে না পারায় পুলিশ শামীমকে পিটিয়ে হত্যা করে। শামীম সরকারের লাশ কোথায় মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুর রহমানের ভাষ্য, একটি হত্যা মামলায় শামীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একই থানার অপর ওসি মোস্তফা কামাল বলেন, তাঁরা অভিযোগ খতিয়ে দেখছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের তিন সদস্য সাময়িক বরখাস্তশামীম সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকার জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে সাভার মডেল থানার উপপরিদর্শক সাজ্জাদ রুমন, সহকারী উপপরিদর্শক আকিদুল ইসলাম এবং আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমদাদুল হক আর সাজ্জাদ রুমনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকিদুল ইসলাম পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও হাবিবুর রহমান জানান।