সাভারে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭১৮
সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭১৮ জন হলো। সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ৫৬০টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে ৫৬টি। হস্তান্তরের অপেক্ষায় ৮৯টি মরদেহ। নিখোঁজ স্বজনদের খোঁজে এখনো অসংখ্য মানুষ আসছেন সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে। তবে এখন মরদেহগুলোকে চিনতে হচ্ছে পরিধেয় কাপড় ও মুঠোফোন দেখে। এ ছাড়া, পরিচয় পাওয়া যায়নি এমন ৬৪ জনের মৃতদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্যে গতকাল ৩২টি ও এর আগে আরও ৩২টি মৃতদেহ দাফন করা হয়।সাভারে ধসে পড়া ভবনে এখনো উদ্ধার অভিযান চলছে। বৃষ্টির কারণে মাঝে মাঝে উদ্ধারকাজ ব্যাহত হলেও বৃষ্টি থামলে আবার কাজ শুরু হয়।উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মৃতদেহ চাপা পড়ে আছে। সেগুলো খুব সাবধানে উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।