সাভারে কনের বাড়িতে বখাটেদের হানা চারজন আটক
বখাটের উৎপাতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা। মেয়েও রাজি হয়। কিন্তু সেই বখাটেই বিয়ের আগের দিন মেয়েটির বাড়ি গিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত পুলিশ আসায় রক্ষা পায় সে।গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে মেয়েটির পরিবার আতঙ্কে সময় পার করছে। কারণ আবারও বখাটেরা হানা দিয়ে ঘটাতে পারে অঘটন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাংক কলোনির ওই মেয়েটি সাভারের একটি বিদ্যালয়ে পড়ত। ২০১১ সালে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু একই এলাকার বাসিন্দা বখাটে সোহাগের উৎপাতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বিয়ে ঠিক করা হয়। আজ শুক্রবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাঘুলি গ্রামের এক ব্যবসায়ী পাত্রের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা।সাভার থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই মেয়ের বাসায় বিয়ের আয়োজন চলছিল। বেলা তিনটার দিকে সোহাগ অন্তত ২৫টি মোটরসাইকেলে ৩০ জন লোক নিয়ে মেয়েটির বাড়িতে যায়। বাসার বাইরে থেকে বখাটেরা মেয়ের বাবাকে উদ্দেশ করে গালাগাল করতে থাকে। এ সময় গৃহকর্তা মুঠোফোনে বিষয়টি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এ সময় সোহাগসহ কয়েকজন বখাটে বাসার দ্বিতীয় তলায় গিয়ে মেয়েটিকে অপহরণের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মান্নান, ফয়সাল, মধু ও বক্কর নামের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যরা মোটরসাইকেলযোগে সটকে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, সন্ত্রাসীরা অনেকটা সিনেমার কায়দায় মোটরসাইকেলের মহড়া দিয়ে ওই বাসায় যায়। ভয়ে কেউ কথা বলেনি। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই বাসায় ঢুকে পড়ে। এর পর ওই বাসা থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, সোহাগ স্থানীয় একটি কলেজে লেখাপড়া করলেও সাভারের অনেক বখাটে ও সন্ত্রাসীর সঙ্গেই তার সখ্য। মেয়েটির বাবা জানান, দুই বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে সোহাগ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর তিনি বারবার সোহাগের অভিবাবককে অবহিত করেন। কোনো প্রতিকার না পেয়ে তিনি মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান সোহাগের বাবার কাছে। কিন্তু সোহাগের বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পরও তাঁর মেয়েকে ঘিরে সোহাগের বখাটেপনা অব্যাহত থাকে। একপর্যায়ে সোহাগের উৎপাতে মাস খানেক আগে তিনি মেয়ের স্কুলে যাওয়াই বন্ধ করে দেন। এর পর মেয়ের বিয়ে ঠিক করেন। তিনি বলেন, তাঁর মেয়েকে তুলে নিতে সোহাগের সঙ্গে যারা তাঁর বাসায় গিয়েছিল তাদের অধিকাংশই প্রভাবশালী ও সাভারের চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে তিনি সাভারে থাকতে পারবেন না। তাই থানায় মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাত্রপক্ষ বিব্রত ও আতঙ্কিত। তরুণীটি প্রথম আলোকে জানায়, পাঁচ বছর আগে তার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপরও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। শুধু সোহাগের উৎপাত থেকে রক্ষা পেতে সে বাবার কথায় বিয়েতে সম্মত হয়। কিন্তু শেষ পর্যন্ত তাও বন্ধ হতে চলেছে। আটক মান্নান ও ফয়সাল থানা হাজতে প্রথম আলোকে বলে, ‘সোহাগের সঙ্গে বিয়েতে মেয়েটি রাজি থাকলেও তার বাবার সম্মতি ছিল না। তাই তার বাবাকে বোঝাতে সোহাগের কথায় আমরা ওই বাসায় গিয়েছিলাম।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে অনীহা প্রকাশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আটক চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।