ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ রনি মিরপুর বাংলা কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগ উঠেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে স্থানীয় কফিল উদ্দিনের মেয়েকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু গুলিতে তাঁর বাড়িতে বেড়াতে আসা কলেজছাত্র রনি নিহত হয়।অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত শনিবার বিকেলে ডিবির সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে রনি নিহত হয়েছে। তবে গতকাল রোববার ঘটনাস্থল ও আশপাশের লোকজন প্রথম আলোকে জানান, সেখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। ডিবি একতরফা গুলি করেছে।ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ইমরুল হাসান বলেন, দুপুর ১২টার দিকে একটি মাইক্রোবাস তাঁর দোকানের পাশে নরসিংহপুর-কোনাবাড়ী সড়কে অবস্থান নেয়। বিকেল চারটার সময় কোনাবাড়ীর দিক থেকে একটি মাইক্রোবাস সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগে থেকে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস থেকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি গুলি করতে থাকে। প্রায় ১০টি গুলি হয়। গুলির মুখে কোনাবাড়ীর দিক থেকে আসা মাইক্রোবাসটি নরসিংহপুরের দিকে চলে যায়। সাদা পোশাকের লোকজন গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে। ইমরুল জানান, তিনি পরে জেনেছেন, ধাওয়া খাওয়া মাইক্রোবাসে থাকা যুবকেরা বাগবাড়ী গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল। আর গুলিবর্ষণকারীরা পুলিশের লোক।কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাভারের কাউন্দিয়া থেকে মাইক্রোবাসে করে তাঁর স্ত্রীর বড় ভাইয়ের ছেলে মেহেদি হাসান কয়েকজন বন্ধু নিয়ে গত শনিবার বেলা দুইটার দিকে বেড়াতে আসে। দুপুরের খাওয়া-দাওয়া শেষে তারা ফিরে যাচ্ছিল। ১০০ গজ দূরে আশুলিয়ার ধনাইদ এলাকায় পৌঁছামাত্র তাদের মাইক্রোবাসে সাদা পোশাকে থাকা ডিবি পুলিশ গুলি করতে থাকে। তারা ভয়ে মাইক্রোবাস না থামিয়ে চলতে থাকে। ডিবি পিছু ধাওয়া করে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় তাদের আটক করে। ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে রনি নামে মেহেদির এক বন্ধু মারা যায়। অন্যদের ডিবি আটক করে এবং একটি অস্ত্র সঙ্গে দিয়ে সবার বিরুদ্ধে অস্ত্র মামলা দেয়। কফিল উদ্দিন জানান, তাঁর ৮২ শতাংশ জমি প্রভাবশালী এক প্রতিবেশী দখল করে রেখেছিলেন। ২০০৯ সালে তাঁরা জমি দখলমুক্ত করেন। আর এতে তাঁর মেয়ে নুরুন্নাহার মূল ভূমিকা রাখেন। নুরুন্নাহার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। গত শনিবার ওই মাইক্রোবাসে নুরুন্নাহারও বাপের বাড়ি এসেছিল। কফিল উদ্দিনের ধারণা, নুরুন্নাহারকে হত্যার জন্য প্রতিপক্ষ ডিবি পুলিশকে ভাড়া করেছিল। কিন্তু ফেরার সময় ওই মাইক্রোবাসে নুরুন্নাহার ছিল না। তাই সে বেঁচে যায়।তবে ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান ভাড়ায় গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসযোগে একদল সন্ত্রাসী আসার নিশ্চিত খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার ধনাইদ এলাকায় ওত পেতে ছিল। শনিবার বিকেল পাঁচটার দিকে সন্ত্রাসীদের মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করা হলে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এরপর ধাওয়া করে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় মাইক্রোবাসটি আটক করা হয়। সেখান থেকে একটি রিভলবার ও ১৬টি গুলিসহ মোহামঞ্চদ হোসেন, মামুন, আল আমিন, রুবেল, রনি, হারুন, মেহেদি হাসান, রনি (২) ও রিপন নামের নয়জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ রনি ও রিপনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা রনিকে মৃত ঘোষণা করেন। ডিবির উপপরিদর্শক আবুল বাশার বাদী হয়ে শনিবার রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা ও পুলিশের ওপর হামলাসহ অস্ত্র আইনে দুটি মামলা করেন। পুলিশের গুলিতে নিহত রনির বাড়ি সাভারের কাউন্দিয়া গ্রামে। তার বাবার নাম হযরত আলী। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রনির বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। পুলিশ সূত্র জানায়, এ ধরনের কোনো অভিযানে যাওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে সংশ্লিষ্ট থানায় ডায়েরি (জিডি) করতে হয়। আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ তাঁর থানা এলাকায় অভিযান পরিচালনার আগে তাঁকে কিছু জানায়নি। ঘটনার পর জানতে পেরেছেন। ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান দাবি করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের স্বার্থে থানার পুলিশকে আগে কিছু জানানো হয়নি।তবে ডিবি পুলিশ সন্ত্রাসী ধরতে অভিযানের কথা বললেও খলিলুর রহমান নামের বাগবাড়ী গ্রামের এক ব্যক্তি অভিযোগ করেন, ধনাইদ এলাকায় তাঁর চার একর জমি রয়েছে। স্থানীয় আবদুল লতিফ তালুকদার ভাড়া করা সন্ত্রাসী এনে সশস্ত্র মহড়া দিয়ে ওই জমি দখল করে নেন। খলিল খবর দিয়ে ডিবিকে সেখানে নেন এবং সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে আবদুল লতিফ তালুকদার এ অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ বলেন, তাঁদের পৈতৃক জমিজমা খলিলুর রহমান দখলের চেষ্টা চালান। সেই জমিতে তাঁরা সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। পুলিশের গুলিতে হতাহত বা গ্রেপ্তারকৃতদের সঙ্গে তাঁদের কোনো যোগসূত্র নেই। তিনি তাঁদের চেনেনও না।