সাভারে কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ায় ডায়নেস্টি গ্রুপের পোশাকশ্রমিকেরা কারাখানা খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার সকালে সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ডায়নেস্টি গ্রুপের তিনটি কারখানার পোশাকশ্রমিকেরা সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানা তিনটি খুলে দেওয়ার দাবি জানান তাঁরা। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে যায় পুলিশ। তারা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মসিউদদৌলা প্রথম আলো ডটকমকে বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ডায়নেস্টি গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। শ্রমিক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার থেকে কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে কারখানা তিনটির শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করে যাচ্ছেন।