সাভারে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত এক ব্যক্তি আজ সোমবার মারা গেছেন। তিনি গতকাল রোববার থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাঁর নাম জহিরুল (২১)।জানা গেছে, গতকাল রোববার আশুলিয়া ও কালিয়াকৈরের সীমান্তবর্তী নোয়াপাড়ায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি ছিল নোয়াপাড়া ও পার্শ্ববর্তী বাইদগ্রাম সোহাগীর মধ্যে। খেলার একপর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তাতে দুই দলের সমর্থক গ্রামবাসীও যোগ দেয়।তখন তুমুল সংঘর্ষে জহিরুল (২১) জব্বার (১৮), শাকিল (১৯) ও বেলায়েত (২০) নামের চারজন গুরুতর আহত হন। জব্বার, শাকিল ও বেলায়েতকে জিরানীর লাইলি ক্লিনিকে ভর্তি করা হয়। জহিরুলকে ভর্তি করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজে। সেখানে আজ সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জহিরুলের বাড়ি বাইদগ্রাম সোহাগীতে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।