সাভারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
সাভার পৌরসভার আরাপাড়া এলাকায় কামাল গার্মেন্টস রোডে আজ বুধবার ভোরে গণপিটুনিতে বাবু (২৮) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন নামের এক যুবক আহত হন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, বাবু পুলিশের তালিকাভুক্ত আসামি। এর আগেও তিনি কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।আরাপাড়া এলাকার আবদুর রহমান ও বিনোদবাইদ মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, ভোর পাঁচটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী কামাল গার্মেন্টস রোডে পোশাক শ্রমিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই করছিল। এ সময় মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এ দৃশ্য দেখতে পান। সুমন নামের এক যুবক ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা সুমনকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে বাবুকে আটক করে এবং গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। তিনি সাভারের ছায়াবীথি এলাকার আবুল কালাম মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, এখানে গত এক সপ্তাহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছে। পোশাক শ্রমিকেরা কারখানার গাড়ির জন্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচামাল সরবরাহের জন্য প্রতিদিন ভোরে বের হন। আর এ সময়ই তাঁরা ছিনতাইয়ের শিকার হন।