সাভারে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের দেওগাঁও এলাকায় গণপিটুনিতে দুজন ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনি দিলে ওই দুজন মারা যায়। এলাকাবাসী জানিয়েছে, নিহত দুই ডাকাতের নাম শহীদ ও সিদ্দিক হতে পারে। কারণ, অন্য ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় এ দুজনের নাম ধরে ডাকছিল। পুলিশ জানিয়েছে, গতকাল রাত তিনটার দিকে একদল ডাকাত ওই এলাকার শাহ আলমের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে শাহ আলমের ছেলে শাহরিয়ার জেগে ওঠেন। সে দরজা খুলে কাউকে না পেয়ে ছাদে গিয়ে দেখে দুজন লোক দাঁড়িয়ে আছে। এরপর ডাকাতেরা তাঁকে চাপাতি দিয়ে কোপায়। তাঁর চিত্কারে মা-বাবা ও বোন ছাদে গেলে ডাকাতেরা তাঁদেরও আঘাত করে এবং ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতদের ধাওয়া করে। উকিলেরটেক এলাকায় জনগণ দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হচ্ছে। তবে তাদের পুরো পরিচয় এখনো জানা যায়নি।