সাভারে গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৪
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ মঙ্গলবার সকালে একটি বাস ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে ১৫-২০ জন হরতাল-সমর্থক সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজার কাছে একটি বাস ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে পেট্রলসহ নাজমুল হাসান সাকিব নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। নাজমুল হাসান পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস থেকে ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আহমেদ আলী, চতুর্থ বর্ষের ছাত্র বাকী বিল্লাহ ও মুজাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আজ বাস ভাঙচুর ও গতকাল সোমবার দিবাগত রাতে সাভারের গেন্ডা ও শিমুলতলী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাইসার মাতুব্বর জানান, গ্রেপ্তার হওয়া চারজনসহ জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত ৫৬ জনের একটি সংঘবদ্ধ দল গতকাল একটি গোপন স্থানে বৈঠক করে। ওই বৈঠকে আজ নাশকতা করার ষড়যন্ত্র করা হয়েছিল বলে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। এখন তাঁদের নিয়ে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।