সাভারে চলন্ত বাসে ছুরিকাঘাত করে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে চলন্ত বাসে অজ্ঞাত এক যুবকের ছুরিকাঘাতে গতকাল শনিবার সোহেল রানা (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন।নিহত সোহেল ঢাকার আশুলিয়ার জিরানীর টেঙ্গুরী এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, কলেজে যাওয়ার উদ্দেশে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সোহেল জিরানী বাসস্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি নবীনগর-কালিয়াকৈর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্ত্তী এলাকায় পৌঁছালে হঠাৎ করে এক যুবক সোহেলের বুকে ছুরিকাঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে আশুলিয়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার সময় ওই বাসে থাকা কয়েকজন যাত্রী জানান, সোহেল রানার সমবয়সী এক যুবক চলন্ত বাসের ভেতর একটি ছুরি হাতে নিয়ে প্রথমে সোহেল রানার দিকে তেড়ে যায় এবং তাঁর বুকে ছুরিকাঘাত করে। এরপর বাসের চালক গাড়ির গতি কমিয়ে দিলে ওই যুবক বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।সোহেলের বন্ধু সবুজ জানান, গত বৃহস্পতিবার কলেজ থেকে ফেরার পথে হানিফ মেট্রো সার্ভিসের একটি গাড়ির এক চালক ও তাঁর সহকারীর সঙ্গে সোহেলের বাগিবতণ্ডা হয়। তার ঘণ্টা খানেক পর সোহেল কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে ওই চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে গতকাল তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।সোহেলের বাবা আনসার আলী দাবি করেন, হানিফ পরিবহনের লোকজনই তাঁর ছেলেকে খুন করেছে। এ ব্যাপারে তিনি গাজীপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।জানতে চাইলে হানিফ মেট্রো সার্ভিসের ব্যবস্থাপক মো. সেলিম প্রথম আলোকে বলেন, সোহেলকে ছুরিকাঘাতের সঙ্গে জড়িত ইসমাইল নামের এক যুবক, যে তাঁদের প্রতিষ্ঠানের সাবেক কর্মী। অসদাচরণের কারণে মাস দুয়েক আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাকে ধরিয়ে দিতে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।এদিকে সোহেল নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের ডেন্ডাবর এলাকা থেকে ঢাকা-আরিচা মহসড়কের বাইশমাইল পর্যন্ত এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা এ সময় হানিফ পরিবহনের অন্তত অর্ধশতাধিক বাস ভাঙচুর করেন। বেলা একটার দিকে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ঘটনার সূত্রপাত গাজীপুর সদর থানার ভেতর হওয়ায় আশুলিয়া থানায় মামলা না নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।