সাভারে চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ঝাউচর বরতৈল বাজার এলাকা থেকে গতকাল সোমবার রাতে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, চারটি গুলি ও একটি ছোরা উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে তাঁদের সাভার থানায় সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে—কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চরনেয়াজি গ্রামের জয়দর প্রকাশ (৩২) ও ময়নাল হক (৩৬), কুমিল্লার দেবীদ্বার উপজেলার দামতী গ্রামের আতিকুর রহমান (২২) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসেননগর গ্রামের খায়রুল ইসলাম (৩০)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প সূত্র জানায়, গতকাল রাতে একদল ডাকাত ঝাউচর বরতৈল বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে র‌্যাব তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করে। র‌্যাব সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী ইমামের দাবি, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকতদলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানী ও সাভারের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে র‌্যাবের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।