সাভারে ছাত্রী ধর্ষণের শিকার, বান্ধবীসহ গ্রেপ্তার ৪
ঢাকার সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ওই চারজনের কাছ থেকে ধর্ষণের ভিডিওচিত্রটি উদ্ধার করেছে। আজ শুক্রবার তাঁদের চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই চারজন হলেন—রাজধানীর শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মহিদুর রহমান (২১), সিঙ্গাইর সদরের বাসিন্দা দানেশ (৩২) ও ধর্ষিতার এক বান্ধবী।আজ সাত দিনের রিমান্ডের আবেদন করে গ্রেপ্তার চারজনকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে হাজির করে পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ওই কলেজছাত্রীর এক বান্ধবী বেড়ানোর কথা বলে গত ২৫ নভেম্বর সাভার নিয়ে যান। সাভার আসার পর অসুস্থ ফুপুকে দেখার কথা বলে ওই ছাত্রীকে তাঁর বান্ধবী সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার ছাপড়া মসজিদের পাশে এম এ মান্নান ভিলার পাঁচ তলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। ওই ফ্ল্যাটের একটি কক্ষে আগে থেকে কয়েকজন তরুণ অবস্থান করছিলেন। তাঁরা ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন। ওই ছাত্রীকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর তাঁর বান্ধবী চলে যান। এরপর এক তরুণ তাঁকে জড়িয়ে ধরলে তিনি ভয়ে চিত্কার শুরু করেন। এ সময় শাহীন নামে আরেক তরুণ তাঁর মুখ চেপে ধরে মারধরও করেন। পরে মেয়েটিকে একটি কক্ষের ভেতরে নিয়ে উচ্চস্বরে গান ছেড়ে দিয়ে জাহেদ নামে এক তরুণ তাঁকে ধর্ষণ করেন। অন্যরা ভিডিও ক্যামেরায় ধর্ষণের চিত্র ধারণ করেন।ওই কলেজছাত্রী জানান, ঘটনার সময় ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়ে তাঁকে বিষয়টি গোপন রাখতে বলা হয়। মানসম্মানের ভয়ে তাই তিনি বিষয়টি চেপে যান।কলেজছাত্রীর মা জানান, ধর্ষকেরা ভিডিওচিত্র প্রচারের ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করার চেষ্টা করলে তাঁর মেয়ে নিরুপায় হয়ে ঘটনা ফাঁস করে দেয়। এরপর ধর্ষকেরা তাঁকে (মেয়েকে) হত্যার হুমকি দিতে থাকেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার সাভার থানায় গিয়ে তিনি মামলা দায়ের করেন। মামলায় জাহেদ ও গ্রেপ্তার হওয়া চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে ১১ জনকে আসামি করা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।